ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৪
ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ভালুকা উপজেলায় আজ মঙ্গলবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
ময়মনসিংহের সদর উপজেলার শিকারিকান্দা এলাকায় নিহত দুজন হলেন শাপলা আক্তার (২৬) ও তাঁর দুই বছর বয়সী মেয়ে সুবর্ণা আক্তার। শাপলা জামালপুরের সদর উপজেলার বাসিন্দা। ত্রিশালে নিহত হয়েছেন হায়দার আলী (৩০)। তাঁর বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। তিনি বাসচালকের সহকারী ছিলেন। ভালুকায় নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (২৮)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, একটি পিকআপভ্যানে করে মালামালসহ ঢাকা থেকে শাপলা তাঁর স্বামী সুমন মিয়া ও মেয়ে সুবর্ণার সঙ্গে জামালপুর যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের বহন করা পিকআপভ্যানটি ময়মনসিংহ শহরতলির শিকারিকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে শাপলা ও সুবর্ণা মারা যায়। সুমন মিয়াকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকাল নয়টার দিকে ত্রিশাল উপজেলার বাগান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালকের সহকারী হায়দার আলী মারা যান।
আর ভালুকা থানার ওসি মামুন অর রশিদ জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারি এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আবদুর রাজ্জাক মারা যান। আহত হয়েছেন অটোরিকশার আরেক যাত্রী ও চালক। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।