ময়মনসিংহে হত্যা মামলায় নয়জনের যাবজ্জীবন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আলোচিত শাহ জালাল হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এই রায় দেন। যাবজ্জীবন পাওয়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আক্রাম হোসেন, সাইদুল ইসলাম, বাচ্চু মিয়া, ইদ্রিস আলী, মো. জুয়েল, হেলাল উদ্দিন, গিয়াস উদ্দিন, মো. এমদাদুল ও মো. এরশাদুল। এর মধ্যে গিয়াস উদ্দিন, মো. এমদাদুল, এরশাদুল ছাড়া বাকি আসামিরা পলাতক আছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৮ মার্চ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাটিরচর নওপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহজালাল খুন হন। শাহ জালাল পেশায় কৃষক ছিলেন। এ ঘটনায় নিহত শাহজালালের স্ত্রী নূরজাহান বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।