ময়মনসিংহে হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আলোচিত শাহজালাল হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এই রায় দেন। যাবজ্জীবন প্রাপ্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন আকরাম হোসেন, সাইদুল, বাচ্চু মিয়া, ইদ্রিস আলী, মো. জুয়েল, হেলাল উদ্দিন, গিয়াস উদ্দিন, মো. এমদাদুল ও মো. এরশাদুল। তাঁদের মধ্যে গিয়াস উদ্দিন, মো. এমদাদুল ও এরশাদুল বাদে বাকিরা পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৮ মার্চ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাটিরচর নওপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহজালালকে হত্যা করা হয়। এ ঘটনায় শাহজালালের স্ত্রী নূরজাহান বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানা মামলা করেন। মামলা বিচারাধীন অবস্থায় দুই আসামির মৃত্যু হয়। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত ২৩ আসামির মধ্যে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি ১৪ আসামিকে খালাস দেওয়া হয়।