ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় এক হাজতি পালিয়ে গেছেন। গত বুধবার গভীর রাতে হত্যা মামলার আসামি স্বপন মিয়া হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের কারারক্ষীদের ফাঁকি দিয়ে দোতলা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যান। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) শেফালী বেগম এ ঘটনায় তিন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করে ঘটনার তদন্ত করছেন। সাময়িক বরখাস্ত হওয়া কারারক্ষীরা হলেন হাবিলদার আবদুল কাদের, কনস্টেবল আকবর আলী ও জসিম উদ্দিন। ময়মনসিংহ কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শহরের কাঁচিঝুলি এলাকার ইটাখলা সড়কের রিয়াজ উদ্দিনের ছেলে স্বপন মিয়াকে (২৫) গত ৩১ জানুয়ারি স্ত্রী সুমি হত্যার অভিযোগে সদর থানা পুলিশ আটক করে। ১ ফেব্রুয়ারি সুমি হত্যা মামলায় পুলিশ স্বপনকে আদালতে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠায়। গত ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার কারাগারে স্বপন হঠাত্ অসুস্থ হয়ে পড়লে সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে স্বপন তিন কারারক্ষীকে ফাঁকি দিয়ে দোতলা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের নার্স মঞ্জিল হক জানান, ‘লোকজনের ডাক-চিত্কারে সজাগ হয়ে দেখি, আসামি দোতলা থেকে লাফিয়ে পালিয়েছে।’ জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জানান, তিনি এ ঘটনার তদন্ত করেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যাপক তদন্ত করতে একটি দল পাঠাবেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তেমন কিছু বলা যাচ্ছে না। তবে তিন কারারক্ষীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে।