ময়মনসিংহে হয়ে গেল ওয়ানগালা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার ময়মনসিংহে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ শহরের ভাটিকাশর এলাকায় অবস্থিত সাধু প্যাট্রিক ক্যাথিড্রালে উৎসবের আয়োজন করে প্যারিস কাউন্সিল ও নকমা পরিষদ ময়মনসিংহ। স্রষ্টার উদ্দেশে নতুন ফসল উৎসর্গ উপলক্ষে গারো সম্প্রদায়ের মানুষ ওয়ানগালা উৎসবের আয়োজন করে।

প্যারিস কাউন্সিল ও নকমা পরিষদ ময়মনসিংহ সূত্রে জানা যায়, উৎসবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গারো সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় রীতিতে স্রষ্টার প্রতি আনুগত্যের প্রকাশ হিসেবে প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের বিভিন্ন বয়সী কয়েক শত মানুষ অংশ নেয়। প্রার্থনাপর্ব পৌরোহিত্য করেন রেভারেন্ট ফাদার রাবার্ট মানকিন। এ সময় আরও উপস্থিত ছিলেন গারো সম্প্রদায়ের নকমা (নেতা) থিওফিল হাজং, গারো সম্প্রদায়ের লেখন সুভাষ জেংচাম প্রমুখ।

এরপর দুপুরে আগত অতিথিরা একসঙ্গে দুপুরের খাবার খান। খাবারের আয়োজনে মাংস ও চালের গুঁড়ার মিশ্রণে তৈরি করা ‘ফুরাখারী’সহ গারোদের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশ করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সাংস্কৃতিক পর্ব। সাংস্কৃতিক পর্বে বিভিন্ন গারো শিল্পী সংগঠনের পক্ষ থেকে গান ও নাচ পরিবেশন করা হয়।