ময়মনসিংহ শহরে বাড়তি ঘরভাড়া আদায়ের জন্য মালিকপক্ষ ১০ ছাত্রকে তিন ঘণ্টা তালাবদ্ধ করে রাখে। গতকাল রোববার সকালে শহরের কলেজ রোডের ‘আকবরিয়া হাউস’ নামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ছাত্রদের উদ্ধার করে।ভুক্তভোগী ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১১ সালে সরকারি আনন্দ মোহন কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থী আকবরিয়া হাউসের নিচতলার তিনটি কক্ষ ভাড়া নেন সাত হাজার ৫০০ টাকায়। ওই বছরই দুই দফা ভাড়া বাড়ায় মালিকপক্ষ। গত ডিসেম্বরে ভাড়া বাড়ানোর সময় বাড়ির মালিক শিক্ষার্থীদের আশ্বাস দেন, এরপর আর ভাড়া বাড়ানো হবে না। কিন্তু জুন মাসের পর থেকে মালিকপক্ষ আরও দেড় হাজার টাকা বেশি ভাড়া দাবি করতে থাকে। ছাত্ররা বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানালে গৃহকর্ত্রী ও তাঁর দেবর মাসুদুর রহমান প্রায়ই ছাত্রদের গালাগাল ও পানির সংযোগ বন্ধ করাসহ নানাভাবে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসের পর বাসা ছেড়ে দেওয়ার কথা জানান। গতকাল বাসা ছাড়ার দিন গৃহকর্ত্রী ও মাসুদুর বাড়তি ভাড়ার জন্য ছাত্রদের চাপ দিতে থাকেন। ছাত্ররা দিতে না চাইলে গৃহকর্ত্রী ও মাসুদুর সকাল সাড়ে সাতটায় তাঁদের তালাবদ্ধ করে রাখেন এবং গালাগাল করেন। স্থানীয় লোকজন ঘটনাটি কোতোয়ালি থানায় জানান। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ওই বাসায় গিয়ে তালা খুলে ছাত্রদের উদ্ধার করে এবং মালিকপক্ষের ওই দুজনকে থানায় নিয়ে যায়। গৃহকর্ত্রী ছাত্রদের নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন।এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) প্রথম আলোকে বলেন, নির্যাতনের শিকার ছাত্রদের মধ্য থেকে সুজন মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরে শর্ত সাপেক্ষে গৃহকর্ত্রী ও তাঁর দেবর মাসুদুরকে ছেড়ে দেওয়া হয়।