ময়মনসিংহে ২৬৫ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের হকারদের জন্য বর্ষায় প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট প্রদান কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার ময়মনসিংহে ২৬৫ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। গতকাল সকালে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড এলাকার নিউজ কর্নার এবং ময়মনসিংহ রেলস্টেশন এলাকার ময়মনসিংহ বুক স্টলের সামনে হকারদের হাতে রেইনকোট তুলে দেন প্রথম আলোর সার্কুলেশন মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া। এ সময় ভালুকার মেসার্স পত্রিকা বিতানের মালিক মো. বাচ্চু মিয়া, মেসার্স নিউজ কর্নারের মালিক শাহ মো. হাসান এবং ময়মনসিংহ বুক স্টলের মালিক মো. কবীরুল ইসলাম, মো. নজরুল আসলাম, মো. আবদুল আজিজসহ প্রথম আলোর স্থানীয় ও ঢাকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রেইনকোট পেয়ে মেসার্স পত্রিকা বিতানের হকার মো. আইনুদ্দিন বলেন, ‘২৭ বছরে আমরা এবারই প্রথম রেইনকোট পেলাম। এটা আমাদের খুব উপকারে আসবে।’ময়মনসিংহ বুক স্টলের হকার মো. তফাজ্জল হোসেন বলেন, ‘পাঠকেরা বলত, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। পত্রিকাটি হকারদের জন্যও ভালো কিছু করতে পারে। আজ পাঠকদের সেই চাওয়াটাই যেন পূর্ণ হলো।’ রেইনকোট প্রদানকালে হকারদের উদ্দেশে প্রথম আলোর সার্কুলেশন মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া বলেন, ‘আপনারা আমাদের পরিবারের একজন। প্রথম আলো আপনাদের শ্রমের স্বীকৃতি দেয়। বর্ষায় আপনাদের কষ্ট কিছুটা হলেও যেন লাঘব হয়, সে জন্যই এই আয়োজন।’