ময়মনসিংহে ৪২ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহের মামলায় ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর ও ৪৫ রাইফেল ব্যাটালিয়নের ৪২ জওয়ানের বিরুদ্ধে শুনানি ও অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।এদিকে দিনাজপুর সেক্টর সদর দপ্তর ও ২ রাইফেল ব্যাটালিয়নের ৭০ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে।গতকাল সকাল ১০টায় দিনাজপুর বিডিআর সেক্টরে বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সালেহ্ আহমাদ্।দিনাজপুরে ৭০ জন বিডিআর সদস্যের মধ্যে ২৬ জন পুলিশের দায়ের করা মামলায় জেলহাজতে রয়েছেন, বাকি ৪৪ জনকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দিনাজপুর বিডিআর সেক্টরে ১৩ নম্বর বিশেষ আদালতের প্রথম কার্যদিবসে বিচারক গ্রেপ্তারের এ আদেশ দেন।বিদ্রোহের ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল সেক্টর সদর দপ্তরের ১৩ জন ও ২ রাইফেল ব্যাটালিয়নের ১৩ জন বিডিআর সদস্যকে আসামি করে মামলা করেন। অন্যদিকে এ ঘটনায় বিডিআর আইনে দুটি পৃথক মামলা হয়। একটি মামলায় সেক্টর সদর দপ্তরের যে ১৩ জনকে আসামি করা হয়েছে, তাঁরা সবাই পুলিশের দায়ের করা মামলায় জেলহাজতে রয়েছেন। অন্যদিকে ২ রাইফেল ব্যাটালিয়নের যে ৫৭ জন সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়, তাঁদের মধ্যে ১৩ জন পুলিশের দায়ের করা মামলায় আটক রয়েছেন।বিডিআর সেক্টরের জেসিও ও মামলার বাদী সুবেদার (সিগন্যাল) মো. এনামুল হক আদালতে বিদ্রোহের সঙ্গে জড়িত দিনাজপুর সেক্টর সদর দপ্তরের ১৩ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।এরপর দ্বিতীয় দফায় একই আদালতে ২ রাইফেল ব্যাটালিয়নের জেসিও ও মামলার বাদী সুবেদার মেজর শামসুল আলম মামলার মোট ৫৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। তিনি ইতিমধ্যে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ১৩ জন ছাড়া ব্যাটালিয়নে কর্মরত বাকি ৪৪ জনকে গ্রেপ্তারের আবেদন জানান।আদালতের সভাপতি কর্নেল সালেহ্ আহমাদ্ বাদীর অভিযোগ আমলে নিয়ে ৪৪ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেন।এদিকে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর ও ৪৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার বিচারে গঠিত বিশেষ আদালত-১৭-এর সভাপতি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম সরকার আগামী ১৫ জানুয়ারি মামলার শুনানি ও অভিযোগ গঠনের দিন ধার্য করেন।সূত্র জানায়, ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের মামলায় গ্রেপ্তার ১৪ জন এবং ৪৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় গ্রেপ্তার ২৮ জনকে গতকাল আদালতে হাজির করা হয়। এ সময় মামলা দুটির কৌঁসুলি যথাক্রমে সেক্টর সদর দপ্তরের উপ-অধিনায়ক মেজর আহমেদ ইউসুফ জামিল ও ৪৫ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাকির আহমেদ আদালতে ঘটনার দিনের পরিস্থিতি তুলে ধরেন। পরে আদালতের সভাপতি কর্নেল মো. নজরুল ইসলাম সরকার আগামী ১৫ জানুয়ারি মামলার শুনানি ও অভিযোগ গঠনের দিন ধার্য করে আদালত মুলতবি ঘোষণা করেন।