ময়মনসিংহে ৭৮৯ আসনের জন্য ৮৩৩০টি আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তিনটি সরকারি বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীতে ভর্তির জন্য ৭৮৯টি আসনের বিপরীতে আট হাজার ৩৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। ২০ ডিসেম্বর তিনটি বিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি করা হবে। আসনের তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরা উৎকণ্ঠার মধ্যে আছেন।
ময়মনসিংহের তিনটি সরকারি বিদ্যালয় হচ্ছে ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও গভ. ল্যাবরেটরি স্কুল। এর মধ্যে ময়মনসিংহ জিলা স্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয় না।
ময়মনসিংহ জিলা স্কুল সূত্র জানায়, বিদ্যালয়টিতে এ বছর ভর্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে ১৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে এক হাজার ৩২০ জন শিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণীতে ১৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে এক হাজার ২১৩ জন শিক্ষার্থী। অষ্টম শ্রেণীতে ১৪টি আসনের বিপরীতে আবেদন করেছে ২২২ জন শিক্ষার্থী।
বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে এক হাজার ৫১৮ জন এবং ষষ্ঠ শ্রেণীতে ২৮টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭২৩ জন শিক্ষার্থী।
গভ. ল্যাবরেটরির প্রথম শ্রেণীতে ১২০ আসনের বিপরীতে দুই হাজার ৩০১ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা ছাড়াই লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। পঞ্চম শ্রেণীতে ২৭টি আসনের বিপরীতে ৩১৪ জন, ষষ্ঠ শ্রেণীতে ৭০টি আসনের বিপরীতে ৫০১ জন, অষ্টম শ্রেণীতে ১০টি আসনের বিপরীতে ২১৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। এ ছাড়া নবম শ্রেণীতে এখন পর্যন্ত আসন শূন্য না হলেও ভর্তির জন্য ৩০২ জন শিক্ষার্থী আবেদন করেছে।
কয়েকজন অভিভাবক বলেন, ভবিষ্যতের কথা বিবেচনা করে তাঁরা সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তি করাতে চান। কিন্তু আসনসংখ্যার চেয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী অনেক বেশি হওয়ায় তাঁরা উৎকণ্ঠার মধ্যে আছেন।
ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ইউনূছ ফারুকী প্রথম আলোকে বলেন, এটাও একরকম যুদ্ধ। তবে এ যুদ্ধে হেরে যাওয়া মানে সব শেষ নয়। প্রতিযোগিতা মেনে নিতেই হবে।