ময়মনসিংহে ৮ দিনব্যাপী বইমেলা শুরু
‘সমৃদ্ধ নগরীর জন্য বই’ স্লোগান সামনে রেখে ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে আট দিনব্যাপী বইমেলা। ময়মনসিংহ পৌরসভার উদ্যোগে বইমেলা আয়োজনে সহযোগিতা করছে জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
মেলায় ৪৫টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে।
গতকাল শনিবার বিকেলে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। আরও বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক সুহিতা সুলতানা, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক শিহাব উদ্দিন ভুঁইয়া প্রমুখ। বক্তারা বলেন, বই হচ্ছে জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বই পড়তে হবে।
জেলা প্রশাসক খলিলুর রহমান বইমেলার আয়োজনের জন্য ময়মনসিংহ পৌরসভাকে ধন্যবাদ জানান। তিনি সব বয়সী
মানুষকে বই পড়ার আহ্বান জানিয়ে বলেন, বই পড়ার কোনো বিকল্প নেই।
পৌর মেয়র মো. ইকরামুল হক বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে চাই মেধাবী ও মননশীল আগামী প্রজন্ম। এর জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মসহ সব বয়সী মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে ময়মনসিংহ পৌরসভা এই আয়োজন নিয়মিত করে যাবে।