প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ সদর উপজেলার কেওয়াটখালীর বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডের একটি এক লাখ ৩২ হাজার ভোল্টের ট্রান্সফরমার গতকাল সোমবার বিকল হয়ে পড়ে। এর ফলে বিকেল থেকে জেলা সদরসহ ছয়টি উপজেলায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। স্থানীয় পিডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, কেওয়াটখালীর বিদ্যুৎ গ্রিড অফিসে অবস্থিত তিন-চারটি বৃহদাকার ট্রান্সফরমারের মাধ্যমে ময়মনসিংহ জেলাসহ সংলগ্ন একাধিক জেলার বৃহত্তর একটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। গতকাল বিকেল আনুমানিক তিনটার দিকে এই বিদ্যুৎ গ্রিডের অন্যতম একটি এক লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালক ট্রান্সফরমারে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে জেলার সদর, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাটসহ ছয়টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।