ময়মনসিংহের তিন উপজেলায় আ.লীগের কঠিন পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ ও ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের। কারণ এর দুটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। ওই তিনটি উপজেলায় কাল বৃহস্পতিবার ভোট গ্রহণ হবে।
ময়মনসিংহ সদর: ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আশরাফ হোসাইন। দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন সরকার এবং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী হলেন কামরুল ইসলাম মো. ওয়ালিদ। বিএনপির কোনো ‘বিদ্রোহী’ প্রার্থী না থাকায় দলের প্রায় সব নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করেন। এখানে চেয়ারম্যান পদে দলের সমর্থন পেতে চেয়েছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য এনামুল হক আকন্দ। তৃণমূলের নেতা-কর্মীদের ভোটে তিনি কামরুল ইসলামের কাছে পরাজিত হন। তিনিও এখন কামরুলের পক্ষে গণসংযোগ করছেন। এনামুল হক আকন্দ বলেন, ‘তৃণমূলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কাজ করছি।’
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ দুই প্রার্থীই নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ায় নিজ নিজ এলাকায় তাঁদের ভোটের পাল্লা ভারী থাকবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। এ দুই প্রার্থী জানান, দল থেকে একক প্রার্থী সমর্থনের বিষয়ে তৃণমূলের নেতা-কর্মীদের বড় অংশই অখুশি। মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী প্রকাশ্যে ও গোপনে তাঁদের পক্ষে কাজ করছেন।
ঈশ্বরগঞ্জ: ঈশ্বরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের ভোটে সমর্থনপ্রাপ্ত প্রার্থী হলেন মাহমুদ হাসান। এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল। অপর দিকে তৃণমূলের ভোটে পরাজিত সাফায়েত হোসেন ভূঁইয়া ও বদরুল আলমও মনোনয়ন প্রত্যাহার করেননি। নির্বাচনের ব্যালটে তাঁদের জন্য বরাদ্দ করা প্রতীকও থাকবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে।
অপর দিকে বিএনপি-সমর্থিত প্রার্থী কে, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি শাহ নুরুল কবীর ফরিদ উদ্দিনকে দলীয় সমর্থন দেওয়া হয়। তবে তা মেনে নেননি দলের কয়েকজন নেতা। পরে তাঁরা জেলা দক্ষিণ বিএনপির সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের নির্দেশনা অনুযায়ী দল-সমর্থিত হিসেবে ইফতেখার আলমকে প্রার্থী করেন। কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহমুদ হাসান ও ফরিদ উদ্দিনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভালুকা: এ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই তিনটি পদে একজন করে প্রার্থীকে সমর্থন দিয়েছেন। কোনো ‘বিদ্রোহী’ প্রার্থী না থাকায় এখানে দুই দলের প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাস দিয়েছেন স্থানীয় ভোটার ও উভয় দলের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তাফা বলেন, ‘ভালুকায় আওয়ামী লীগের ভোট বিএনপির চেয়ে বেশি। কাজেই দলীয় ভোটে তাঁর জয়ী হওয়া সম্ভব।’ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান আশা প্রকাশ করে বলেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি-সমর্থিত প্রার্থীই জিতবেন।