ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকির (৬৫) ও ওয়াজ উদ্দিনের (৭০) বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাঁদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, ধর্ষণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংস্থাটির সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, একাত্তরে আলবদরের সদস্য রিয়াজ উদ্দিন গ্রেপ্তার হলেও রাজাকার ওয়াজ উদ্দিন পলাতক। একই মামলার অপর আসামি আমজাদ আলীকে গ্রেপ্তার করা হলেও তিনি মারা গেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।
হান্নান খান বলেন, আসামিরা একাত্তরে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে ১৯৭১ সালের ২২ আগস্ট থেকে ২১ নভেম্বরের মধ্যে ফুলবাড়িয়া উপজেলার বেবিট্যাক্সির স্ট্যান্ড, রাঙ্গামাটিয়া ঈদগাহসংলগ্ন বানা নদী, দিব্যানন্দ ফাজিল মাদ্রাসা, ফুলবাড়িয়া ঋষিপাড়া, আছিম বাজার ও ভালুকজান গ্রামে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান ২০১৪ সালের ১২ অক্টোবর থেকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত শুরু করেন। তদন্তে ৬০ জনের বেশি ব্যক্তির জবানবন্দি নেওয়া হলেও ৩৬ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত বছরের ১১ আগস্ট রিয়াজ উদ্দিন ফকির (৬৫) ও আমজাদ আলীকে (৮৮) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁদের ঢাকায় আনার পথে তাঁদের বহনকারী প্রিজন ভ্যানটি গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পড়ে। এতে রিয়াজ ও আমজাদ আহত হন। হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই তাঁদের কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। তবে আমজাদ আলী পরে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৪ সেপ্টেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।