ময়মনসিংহের প্রথম বিভাগীয় কমিশনার সালেহ উদ্দিন
ময়মনসিংহ বিভাগের প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দিয়েছেন জিএম সালেহ উদ্দিন। আজ সোমবার ময়মনসিংহে নিজের কর্মস্থলে যোগ দেন তিনি। পরে দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় জিএম সালেহ উদ্দিন বলেন, দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। এটি একটি বড় চ্যালেঞ্জ। সবার সহযোগিতায় এই চ্যালেঞ্জ জয় করতে হবে। তবে এর জন্য যথেষ্ট সময় দিতে হবে। তিনি বলেন, ১০ ডিসেম্বর আলাপ-আলোচনার মধ্যমে প্রথমে একটি কর্ম পরিকল্পনা করা হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক এম এ পারভেজ রহিম, জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবউদ্দিন, নেত্রকোনার জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, র্যাব-১৪ এর কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল এনামুল আরিফ, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটির সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।