ময়মনসিংহের বক্ষব্যাধি ক্লিনিকের নাজুক অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিনের চালায় অসংখ্য ছিদ্র। বৃষ্টি হলে পানি চুইয়ে পড়ে মেঝে ভিজে যায়। রক্ত ও মলমূত্র পরীক্ষার জন্য প্রয়োজনীয় বিকারকের (রি-এজেন্ট) সরবরাহ না থাকায় অনুবীক্ষণ যন্ত্রটি বছরের পর বছর আলমারিতে তালাবদ্ধ পড়ে আছে। অচল এক্স-রে মেশিনটি কবে থেকে নোংরা ঘরে পড়ে আছে, তা কর্তৃপক্ষও জানে না। এই চিত্র ময়মনসিংহ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের (টিবি ক্লিনিক)।ময়মনসিংহ সদর উপজেলায় যক্ষ্মা নিয়ন্ত্রণে ডট পদ্ধতিতে চিকিৎসাসেবা দিয়ে আসছে ব্র্যাক ও ডেমিয়েন ফাউন্ডেশন। তবে ময়মনসিংহ পৌরসভা তাদের কাজের আওতার বাইরে। ফলে পৌরসভার যক্ষ্মায় আক্রান্ত রোগীরা বক্ষব্যাধি ক্লিনিকের ওপর নির্ভরশীল।বক্ষব্যাধি ক্লিনিক থেকে রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়। কিন্তু সরঞ্জামাদির সংকট থাকায় পরীক্ষা-নিরীক্ষা নিজ খরচে বাইরে থেকে করাতে হচ্ছে রোগীদের।সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ বি এম মোজাহারুল ইসলাম বলেন, ‘বক্ষব্যাধি ক্লিনিকের এক্স-রে যন্ত্রটি ঠিক কত বছর ধরে নষ্ট, তা আমার জানা নেই। ক্লিনিক ভবনের চালা ফুটো। এক্স-রে কক্ষটি নিজেই এখন যক্ষ্মা রোগী।’ক্লিনিক সূত্র জানায়, বক্ষব্যাধি ক্লিনিকের ১০ কক্ষের টিনের ছাউনির ভবনটি নির্মাণ করা হয় ১৯৬২ সালে। নির্মাণের পর কখনো ভবনটিতে সংস্কারকাজ করা হয়নি। পানি সরবরাহের ব্যবস্থা নেই। ক্লিনিকে ব্যবহারের জন্য বাইর থেকে বালতিতে পানি আনতে হয়। রোগীদের বসার ব্যবস্থাও নেই। বৃষ্টি হলে ক্লিনিকের প্রবেশ ফটকের সামনের রাস্তায় পানি জমে যায়। দিনের বেলাতেই এর সীমানার ভেতর মাদকসেবীদের আড্ডা বসে। মাত্র একজন চিকিৎসা কর্মকর্তা রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন।সরেজমিনে দেখা যায়, ক্লিনিকের এক্স-রে কক্ষে বিভিন্ন মালামাল স্তূপ করে রাখা হয়েছে। সীমানা প্রাচীরের ভেতর কয়েকজন যুবক নেশা করছে।ক্লিনিকে আসা এক রোগীর আত্মীয় আছিয়া খাতুন বলেন, ‘বড়ই বিপদি পড়ছি। এহানে না আছে বসার জায়গা, না আছে খাইবার পানি। বৃষ্টির কারণে বাইরও অইতে পারতাছি না।’ ক্লিনিকের অফিস সহকারী মুখলেছুর রহমান বলেন, এক যুগেরও বেশি সময় ধরে ক্লিনিকে এক্স-রেসহ পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে। দুই বছর আগে এক্স-রে যন্ত্রটি মেরামতের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা করা হয়নি।বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা কারিমুল হক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব বিষয়ে লিখিতভাবে জানালেও কোনো সুরাহা হচ্ছে না।ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ বি এম মোজাহারুল ইসলাম বলেন, ক্লিনিকের বিভিন্ন সমস্যার সমাধান ও নতুন এক্স-রে যন্ত্র সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।