ময়মনসিংহের শূন্য দুটি আসনে উপনির্বাচন ১৮ জুলাই
জাতীয় সংসদের ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ শূন্য আসনে আগামী ১৮ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও আওয়ামী লীগের সংসদ সদস্য মজিবুর রহমান ফকির মৃত্যুবরণ করায় আসন দুটি শূন্য হয়।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন শূন্য আসন দুটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন দুটিতে ভোট নেওয়া হবে ১৮ জুলাই। আগ্রহী প্রার্থীদের ২০ জুনের মধ্যে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন হচ্ছে ২২ জুন। আর ২৯ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন গত ১১ মে মৃত্যুবরণ করেন। তিনি ময়মনসিংহ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। আর ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ফকির মৃত্যুবরণ করেন গত ২ মে।