ময়মনসিংহের সঙ্গে যুক্ত হতে চান না টাঙ্গাইলবাসী
প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত না হতে আন্দোলনে নামছেন টাঙ্গাইলের লোকজন। তাঁদের অনেকেই বলেছেন, টাঙ্গাইলের লোকজন সব সময় ঢাকামুখী, ময়মনসিংহমুখী নন। তাই পেছনে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। তাঁরা ঢাকা বিভাগেই থাকতে চান।
গত শনিবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তারা এ মত দেন। ওই সভায় বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে সভায় সাংসদ খন্দকার আবদুল বাতেন ও ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর খান, সাংগঠনিক সম্পাদক জোয়াহেরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সালাম চাকলাদার, জেলা অ্যাডভোকেট বারের সভাপতি শফিকুল ইসলাম, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা, ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি নীহার সরকার, নাট্য সংগঠক পাপিয়া সেলিম প্রমুখ বক্তব্য দেন।
সভায় জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খানকে আহ্বায়ক এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর আহমেদকে সদস্যসচিব করে ‘ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটি’ নামের একটি কমিটি করা হয়। জেলার সব সাংসদকে এই কমিটির উপদেষ্টা করা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্যসচিব জাফর আহমেদ বলেন, দু-এক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন ও প্রতীকী ধর্মঘটও পালন করা হবে।
কমিটির আহ্বায়ক ফজলুর রহমান খান জানান, এসব আন্দোলন কর্মসূচির পাশাপাশি জেলার সব সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবি জানানো হবে।
টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে গতকাল রোববার সকালে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির উদ্যোগে আদালত চত্বরে মানববন্ধন করা হয়।