‘মোড়লবাড়ির নিয়ন্ত্রণে ময়মনসিংহ’ শিরোনামে গত ৩১ জুলাই প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান।গতকাল বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে সাংসদ মতিউর রহমান উপস্থিত থাকলেও তাঁর পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান ময়মনসিংহ শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হোসাইন জাহাঙ্গীর। লিখিত বক্তব্যে মতিউর রহমান বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। আমার ধারণা, দলীয় ও ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ ও আদর্শিকভাবে প্রতিপক্ষ কোনো গোষ্ঠীর সরবরাহকৃত অসত্য, বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক তথ্যের ওপর ভিত্তি করে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।’মতিউর রহমান আরও বলেন, ‘আমার সুদীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে এমন কোনো কাজ করিনি, যা নেতিবাচক সংবাদের শিরোনাম হতে পারে।’ লিখিত বক্তব্য পড়ে শোনানোর পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। সাংসদ মতিউর রহমান নিজে মাইক নিয়ে বলেন, ‘আমার যা কিছু বলার, লিখিত বক্তব্যে বলেছি। আপনার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তা প্রকাশ করবেন বলে আমি আশা করি।’ এরপর তিনি সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করে চলে যান।সাংসদের পরিবার ও আত্মীয়স্বজনের বিগত সময়ের কর্মকাণ্ড ও রাজনৈতিক-সামাজিক পরিচয় এবং কলেজের বাড়িতে থাকা, সরকারি জলাশয় ভরাট করে সাংসদের নামে করা বিদ্যালয় ও কলেজ সম্পর্কে অবস্থান তুলে ধরা হয়। এ বিষয়গুলো এর আগে সাংসদের পাঠানো প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে এবং তা গত ৬ আগস্ট প্রথম আলোয় প্রকাশ করা হয়েছে।সাংসদ গতকালের সংবাদ সম্মেলনে বলেন, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের কাছে তিনি অধ্যক্ষ থাকাকালে ছয় লাখ টাকা পাওনা ছিলেন। এই টাকা পরিশোধ করতে না পারায় মাসিক একটি নির্দিষ্ট ভাড়া নির্ধারণের মাধ্যমে পাওনা টাকা কর্তন সাপেক্ষে (যত দিন পরিশোধ না হয়, তত দিন পর্যন্ত) বসবাস করার আবেদন করেন তিনি। অথচ ২৭ জুলাই সংসদ সদস্যদের হোস্টেলে মতিউর রহমানের বাসায় প্রথম আলোর ঢাকা কার্যালয় থেকে একজন প্রতিবেদক তাঁর বক্তব্য নিতে গেলে তিনি বলেছিলেন, ‘আমি যে বাড়িতে থাকছি, সেটি মিন্টু কলেজের নয়। এটি পরিত্যক্ত সম্পত্তি।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার ও যুগ্ম সম্পাদক এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক সাদিক হোসেন, জেলা যুবলীগের সভাপতি গোলাম সারোয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ বি এম নূরুজ্জামান খোকন, জেলা যুবলীগের সহসভাপতি আজহারুল ইসলাম, সাংসদের ভাই জেলা ন্যাপের সভাপতি জিয়া উদ্দিন, সাংসদের বড় ছেলে মোহিত-উর রহমান প্রমুখ।