জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ রওশন এরশাদ বলেছেন, ‘ময়মনসিংহের সার্বিক উন্নয়নে আমি মানুষের পাশে আছি। ময়মনসিংহের মানুষের কাছে এটা আমার দায়বদ্ধতা।’ গতকাল শনিবার সন্ধ্যায় জেলা নাগরিক আন্দোলন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ময়মনসিংহ শহরের কাছারি সড়কের একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা নাগরিক আন্দোলনের নেতাদের দীর্ঘদিনের দাবি বিষয়ে রওশন এরশাদ বলেন, ‘আমি সংসদে ও প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ময়মনসিংহকে বিভাগ করার দাবি জানিয়েছি। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, ময়মনসিংহের পার্শ্ববর্তী একাধিক জেলার মানুষ ময়মনসিংহ বিভাগ চান না। ঢাকা বিভাগের অধীন থাকতে চান। এর পরও যদি কমপক্ষে চারটি জেলার মানুষ ময়মনসিংরহকে বিভাগ করার দাবিকে সমর্থন করেন, তাহলে প্রধানমন্ত্রী বিভাগ বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন।’
ইফতার মাহফিলে জাতীয় পার্টির ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সাংসদ সালাহউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খানসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।