প্রতিষ্ঠার আট বছর পরও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভায় ময়লা-আবর্জনা ফেলার কোনো ব্যবস্থা করা হয়নি। সড়কের দুই পাশসহ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখায় পরিবেশ দূষিত হচ্ছে। একই কারণে দুর্গন্ধে পৌরবাসী ভোগান্তি পোহাচ্ছে।পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে উপজেলার ধানগড়া ইউনিয়নের ধানগড়া, লক্ষ্মীকোলা, রনতিথা, মহেশপুর, বাগানবাড়ি, গুনগাঁতীসহ কয়েকটি গ্রাম নিয়ে রায়গঞ্জ পৌরসভা যাত্রা শুরু করে। কিন্তু পৌর এলাকার বিভিন্ন বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান এবং আবাসিক এলাকার বাড়িগুলোর ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা রাখা হয়নি। নির্মাণ করা হয়নি কোনো আস্তাকুঁড় (ডাস্টবিন)। এগুলো পরিষ্কার করার জন্য পৌরসভা কোনো পরিচ্ছন্নতা-কর্মীও নিয়োগ করেনি। এ কারণে পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছে। এ ছাড়া পৌরসভার নর্দমাগুলো সংস্কার না করায় পানি ও ময়লা জমে এগুলো বন্ধ হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে নর্দমার পাশের সড়ক দিয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, পৌরসভার ধানগড়া এলাকার বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাগারসংলগ্ন এলাকা, ধানগড়ার গোলাপ বাজার, মধ্যবাজার, পুরাতন চৌরাস্তা, বাসস্ট্যান্ড এলাকা ও বাগানবাড়ি এলাকায় ময়লা-আবর্জনা জমে আছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজেদুল ইসলাম বলেন, ‘আমার ওয়ার্ডের মধ্যে ধানগড়া হাটবাজার পড়েছে। ধানগড়া বাজার পরিষ্কারসহ নর্দমাগুলো সংস্কারের জন্য বিভিন্ন সময় পৌর মেয়রকে বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি।’পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, পৌরসভার ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতা কর্মী, গাড়ি এবং ডাস্টবিন তৈরির জন্য অর্থ চেয়ে অন্তত ২৫ বার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। স্থানীয় উদ্যোগে পৌরসভা এলাকার ময়লা-আবর্জনা সরানোর চিন্তা করা হচ্ছে।