ময়লা-আবর্জনা ফেলায় হুমকিতে বেরি হ্রদ
মৌলভীবাজার শহরের বেরি হ্রদের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে হ্রদের পানি নোংরা ও ভরাট হয়ে যাচ্ছে। এ ছাড়া পাশের ছাগলের হাট ও ট্রাক স্ট্যান্ডের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের সবচেয়ে বড় এ জলাধার।
সরেজমিনে দেখা গেছে, বেরি হ্রদের দুই পাশেই বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা। এসব আবর্জনার মধ্যে আছে চিপস ও চানাচুরের প্যাকেট, গৃহস্থালির নানা বর্জ্য, ডাবের খোসা ও পলিথিন। হ্রদের উত্তর-পূর্ব দিকে পানির মধ্যে আবর্জনা ভাসছে। হ্রদের শাহ মোস্তফা সড়কের কাছেই ট্রাকের স্ট্যান্ড। সেখানে ট্রাক ধোয়ামোছা করছেন লোকজন। গাড়ির নোংরা পানি পড়ছে হ্রদে।
পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেরি হ্রদের সঙ্গে আগে মৌলভীবাজার শহরের পাশ দিয়ে বয়ে চলা মনু নদের সংযোগ ছিল। ভূমিকম্পের প্রভাবে হ্রদটি নদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শহরের বৃষ্টির পানি ধরে রাখার জন্য ১৪ একর ৬৫ শতক আয়তনের এ হ্রদই এখন ভরসা। শহরের বেরিরচর এলাকার পয়োনিষ্কাশনব্যবস্থাও এ হ্রদের সঙ্গে সংযুক্ত। ফলে এলাকার নোংরা ও আবর্জনাযুক্ত পানিও এখানে এসে পড়ে। বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ বর্জ্য-আবর্জনা হ্রদের মধ্যে ফেলছে। এ ছাড়া হ্রদের চারদিকে চলছে অবকাঠামোগত উন্নয়নকাজ। অব্যাহত খোঁড়াখুঁড়ির ফলে বের হওয়া মাটি বৃষ্টির পানির সঙ্গে হ্রদে গিয়ে পড়ছে। এভাবে বছরের পর বছর ধরে হ্রদটি ভরাট হয়ে উঠছে।
এলাকার অন্তত পাঁচজন বলেন, বেরি হ্রদের দক্ষিণ পাড়ে শাহ মোস্তফা সড়ক এলাকায় বছর কয়েক আগেও প্রচুর গাছপালা ছিল। তখন এ পাড়টি সংরক্ষিত ছিল। কিন্তু বছর সাতেক আগে পাশের শাহ মোস্তফা সড়ক সম্প্রসারণের সময় অনেক গাছ কেটে ফেলা হয়। এখন হ্রদের দক্ষিণ পাশে সোম ও বৃহস্পতিবার ছাগলের হাট বসে। হাটের বর্জ্য ও ছাগলের মলমূত্র গিয়ে পড়ে হ্রদের পানিতে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বহুদিন ধরে হ্রদের পাড়ে ছাগলের হাট বসছে। আর ট্রাক স্ট্যান্ড গড়ে ওঠে আগের মেয়রের সময়ে। বিকল্প ব্যবস্থা না করে ছাগলের হাট ও স্ট্যান্ড উচ্ছেদ করা যাচ্ছে না। বিকল্প স্থান খুঁজছি।’ তিনি আরও বলেন, হ্রদের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং ময়লা ফেলা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।