জামালপুর পৌরসভার ডাস্টবিনগুলো থেকে ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। ১৫০ বছরের পুরোনো প্রথম শ্রেণীর এই পৌরসভার বর্জ্য ফেলার নির্ধারিত স্থান নেই। বর্জ্য শোধনাগারটি চালু না হওয়ায় সমস্যা বাড়ছে। জানা গেছে, জামালপুর পৌরসভার বাসাবাড়ি ও নালা-নর্দমার আবর্জনা অপসারণের জন্য বর্তমানে পাঁচটি ট্রাক ও দুটি ট্রাক্টর রয়েছে। পরিচ্ছন্নতা শাখায় চুক্তিভিত্তিক ১০১ জন কর্মচারী আছেন। তাঁদের ৩০ জনকে দিয়ে দাপ্তরিক কাজ করানো হয়। প্রতিবছর বাজেটে ময়লা পরিষ্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হলেও উদ্দেশ্য সফল হয় না। পৌরসভার চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭৬ লাখ টাকা। এর আগে ২০১০-২০১১ ও ২০১১-২০১২ অর্থবছরে একই খাতে ব্যয় করা হয় এক কোটি ১২ লাখ ৪২ হাজার ৬৭১ টাকা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌরসভার বিভিন্ন সড়কের পাশে আট বছর আগে বসানো ১১১টি পাকা ডাস্টবিনের অধিকাংশই ভেঙে গেছে। ভাঙা ডাস্টবিনগুলোর ময়লা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকে। দুর্গন্ধে পথচারীদের নাক চেপে ধরে চলতে হয়। অভিযোগ রয়েছে, পৌর কর্তৃপক্ষকে ডাস্টবিন ও রাস্তার আবর্জনা পরিষ্কারের জন্য জানিয়েও কাজ হয় না। পরিষ্কার করা হয় না বলে শহরের মিয়াপাড়ায় ক্লিনিকের সামনের ডাস্টবিনটি সম্প্রতি স্থানীয় লোকজন ভেঙে ফেলেছে। শহরের দেওয়ানপাড়ার বাসিন্দা মো. আলী হোসেন (৭২) প্রথম আলোকে বলেন, মানুষের চলাচলের রাস্তায় ময়লা-আবর্জনার ঢিবি হয়ে যায়। দুর্গন্ধে টেকা যায় না। গৃহিণী সালমা বেগম বলেন, ‘ময়লার দুর্গন্ধে পোলাপানগরে অসুখ লাইগাই থাকে।’পৌরসভার পরিচ্ছন্নতা শাখার পরিদর্শক বিল্লাল হোসেন আকন্দ বলেন, পরিচ্ছন্নতা শাখায় জনবলের সংকট রয়েছে। শুধু ডাস্টবিনের ময়লা নয়, পৌরসভায় পাকা নালা-নর্দমা ও হাসপাতাল-ক্লিনিকের বর্জ্য ফেলার নির্ধারিত স্থান নেই। শহরের বিভিন্ন রাস্তার পাশে ও পরিত্যক্ত ডোবায় ময়লা স্তূপ করার কারণে ওই এলাকায় নতুন করে সমস্যা হচ্ছে। জামালপুর পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী বলেন, ‘জনবলের সংকটের কারণে ডাস্টবিনগুলো নিয়মিত পরিষ্কার করা যায় না। তবে দু-এক দিন পর পর প্রতিটি ডাস্টবিন পরিষ্কার করা হয়। পলাশগড়ের বর্জ্য শোধনাগারটি চালু করতে মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছি। এটি চালু হলে আবর্জনা নিয়ে পৌরবাসীর দুর্ভোগ কমে আসবে।’