ময়লা-আবর্জনার দুর্গন্ধে নাভিশ্বাস
মানুষের চলাচলের সুবিধার জন্য বরিশাল নগরীর পলাশপুর এলাকায় একটি সেতু নির্মাণের জন্য আমানতগঞ্জ খালে বাঁধ দেওয়া হয়েছে। কিন্তু ওই বাঁধই এখন মানুষের যন্ত্রণার বড় কারণ হয়ে দাঁড়িয়েছ। বাঁধের কারণে নালা দিয়ে নামা বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য ও ময়লা-আবর্জনা খালে আটকে থাকায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। অবস্থা এতটাই খারাপ যে স্থানীয় লোকজনদের নাক চেপে ধরে ওই স্থান দিয়ে চলাচল করতে হচ্ছে। অনেকে দুর্গন্ধে টিকে থাকতে না পেরে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র চলে যাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি নগরের আমানতগঞ্জ, পলাশপুর এলাকার আমানতগঞ্জ অংশে খালের ওপর পুরোনো সেতু ভেঙে নতুনভাবে সেতু নির্মাণের উদ্যোগ নেয় সিটি করপোরেশন। এ জন্য সেতুর দুই দিকে পাইলিং করে বাঁধ দিয়ে খালের পানির প্রবাহ বন্ধ করে দেয় ঠিকাদার। কার্যাদেশ অনুযায়ী পানি সরানোর ব্যবস্থা রাখার কথা থাকলেও তা করা হয়নি। এতে পাশের ঘনবসতিপূর্ণ এলাকা ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ময়লা-আবর্জনায় খালে আটকে থাকায় পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ৬ নম্বর ওয়ার্ডের কাঠের ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, বাসাবাড়ির ময়লা-আবর্জনা খালের পানিতে আটকে থাকায় পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এখানে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতাজ বেগম বলেন, ‘এ পাশের মানুষ গন্ধে মইর্যা যাইবে। মুই তো ওকুইলদা (ওপাশ) দিয়া হাডিইনি। গন্ধের চোডে তো কাইল ভাতই খাইতে পারি নাই।’ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক নেতা বলেন, ‘৩টি ওয়ার্ডের শত শত ড্রেনের পানি ও ময়লা এই খালে এসে জমে। সেই পানির প্রবাহের পথ বন্ধ হলে এলাকা প্লাবিত হয়ে যাবে। আমরা পাইপ দিয়ে পানি সরানোর কথা বলেছিলাম, কিন্তু ঠিকাদার আমাদের কথা শোনেনি।’৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাঈনুল হক বলেন, ‘আমরা আগেও বলেছিলাম। ঠিকাদার পাইপ বসাবে বলেছে। যদি শিগগির তা না করে তাহলে এলাকার লোকজন নিয়ে বাঁধ কেটে পানি সরানোর ব্যবস্থা করব।’বরিশালের সিভিল সার্জন অনিল চন্দ্র দত্ত বলেন, যে রকম দুর্গন্ধ তাতে ডায়রিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড এবং চর্ম রোগের প্রকোপ বাড়বে। শিগগির ওই দূষিত পানি সরানোর ব্যবস্থা করা না হলে আশপাশের জলাশয়েও তা ঢুকে পড়বে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল শাখার সমন্বয়কারী সুভাষ চন্দ্র বিপ্রবেদান্তি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি প্রবহমান খালে বাঁধ দেওয়ায় ময়লা-আবর্জনা আটকে পুরো এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। আমাদের কাছেও অভিযোগ আছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আইনি ব্যবস্থা নেব।’পরিবেশ অধিদপ্তর বরিশালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আসাদুল হক বলেন, ‘যা করা হয়েছে, তা পরিবেশ আইন অনুযায়ী অপরাধ। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোতালেব হাওলাদার বলেন, ‘আমরা বলেছি পাইপ দিয়ে পানি সরাতে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ঠিকাদার মো. হান্নান মল্লিক বলেন, দুই দিকের পাইলিং শেষ করে ভেতরের পানি নিষ্কাষণের পর পাইপ বসিয়ে আউটলেট (পানি সরানোর ব্যবস্থা) করা হবে। তাতে আরও সময় লাগবে।