ময়লা-আবর্জনায় নাকাল বেড়া শহরের বাসিন্দারা
প্রথম শ্রেণীর বেড়া পৌরসভায় বছর ছয়েক আগে যে ডাস্টবিনগুলো স্থাপন করা হয়েছিল, সেগুলোর বেশির ভাগই ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। এ ছাড়া ময়লা পরিবহনের তিনটি রিকশাভ্যানও দীর্ঘদিন ধরে অকেজো। এ কারণে ময়লা-আবর্জনা সড়কের পাশসহ যত্রতত্র ফেলা হচ্ছে। এগুলো জমে দূষিত করে তুলেছে পরিবেশ। দুর্গন্ধে ভোগান্তি পোহাচ্ছে পৌরবাসী।জানা যায়, বছর ছয়েক আগে পৌর কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে ইট-সিমেন্টের ১২টি স্থায়ী ও ড্রামে তৈরি গোটা বিশেক অস্থায়ী ডাস্টবিন স্থাপন করে। এ ছাড়া ময়লা-আবর্জনা পরিবহনের জন্য কেনা হয় তিনটি রিকশাভ্যান। স্থাপনের মাস ছয়েকের মধ্যেই অস্থায়ী ডাস্টবিনগুলো নষ্ট হয়ে যায়। অন্যদিকে স্থায়ী ডাস্টবিনগুলোর বেশির ভাগই বছর চারেকের মধ্যে ভেঙে নষ্ট হয়। এ ছাড়া ময়লা-আবর্জনা পরিবহনের রিকশাভ্যানগুলোও বছর দেড়েকের মধ্যে অকেজো হয়ে পড়ে। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার প্রধান বাজার বেড়া বাজারের নাজিমবাজার, মাছবাজার, বিবি স্কুলসংলগ্ন এলাকা, সিনেমা হলের মোড়, ফলপট্টি এলাকা, কাদের ডাক্তারের মোড়-সংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে আছে। এ ছাড়া বনগ্রাম, মৈত্রবাঁধা, হাতিগাড়া, শম্ভুপুর, আলহেরানগর প্রভৃতি মহল্লার রাস্তা ও বাড়িঘরের পাশেও জমে আছে ময়লা-আবর্জনা। এসব এলাকার মধ্যে একমাত্র ডাকবাংলো বাজারে অব্যবহূত একটি ডাস্টবিন দেখা গেলেও আর কোথাও কোনো ডাস্টবিন দেখা যায়নি।ডাকবাংলো এলাকার বাসিন্দা সোহাগ মিয়া বলেন, পৌরসভার লোকজন সাফ করতে না আসায় এই ডাস্টবিনে কেউ আর ময়লা ফেলে না। এখন চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ময়লা ফেলানোয় দুর্গন্ধে বাস করা মুশকিল হয়া গেছে।আলহেরানগর মহল্লার বাসিন্দা কলেজশিক্ষক নফিজ উদ্দিন বলেন, ‘ফেলার জায়গা না থাকায় লোকজন বাধ্য হয়ে বাড়ি ও রাস্তার আশপাশে ময়লা-আবর্জনা ফেলছে। এতে মাঝেমধ্যে দুর্গন্ধে পথ চলাই দায় হয়ে যায়।’ বেড়া বাজারের হোটেল ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘বাজারের কয়েকটা স্থানে ড্রামের ডাস্টবিন বসানো হইছিল। আমার দোকানের কাছেও এর একটা ছিল। মাস ছয়েক টিকে থাকার পর ভেঙেচুরে সেগুলো উধাও হয়া গেছে। ময়লা-আবর্জনার গন্ধে এখন এলাকার পরিবেশ ভারী হয়া উঠিছে।’ বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এনামুল হক বলেন, ‘শিগগিরই পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আবারও ডাস্টবিন স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। তবে সেগুলোর সুষ্ঠু ব্যবহারের জন্য পৌরবাসীর আগ্রহ ও সচেতনতা কামনা করছি।’