ময়লা-আবর্জনায় ভরে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কারকাজ চলাকালে রংপুরের শহরের শ্যামাসুন্দরী খালের দৃশ্য। ছবিটি নিউ ইঞ্জিনিয়ারপাড়া সেতুর পাশ থেকে তোলা (বাঁয়ে)। তিন বছ​র পর একই স্থান আজ ময়লা–আবর্জনায় ভরাট হওয়ার উপক্রম l ছবি: প্রথম আলো
সংস্কারকাজ চলাকালে রংপুরের শহরের শ্যামাসুন্দরী খালের দৃশ্য। ছবিটি নিউ ইঞ্জিনিয়ারপাড়া সেতুর পাশ থেকে তোলা (বাঁয়ে)। তিন বছ​র পর একই স্থান আজ ময়লা–আবর্জনায় ভরাট হওয়ার উপক্রম l ছবি: প্রথম আলো

সংস্কারের দুই বছরের মধ্যে আবার ময়লা-আবর্জনায় ভরে গেছে রংপুর নগরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খালের একটা অংশ। এতে পরিবেশদূষণের পাশাপাশি নগরের পয়োনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে খালপাড়ের বাসিন্দাদের ময়লা-আবর্জনা ফেলতে ১০০টি ডাস্টবিন করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই ডাস্টবিনের সংখ্যা আরও বাড়ানো হবে।
রংপুর শহরের উত্তর-পূর্ব দিকে সিও বাজার এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ-পশ্চিম দিকে মাহিগঞ্জ এলাকা পর্যন্ত ১২ কিলোমিটারব্যাপী এই শ্যামাসুন্দরী খাল। ২৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে খালটি সংস্কার, খালের ওপর সেতু নির্মাণ ও খাল খননের জন্য ২০১২ সালের ফেব্রুয়ারিতে দরপত্র আহ্বান করা হয়। অল্প কিছুদিন কাজ চলার পর প্রকল্পটি এলজিইডির কাছে হস্তান্তর করা হয়। দরপত্র অনুযায়ী খালের দুই পাড়ে সিমেন্টের তৈরি বোল্ডার বসানো হয়। এ ছাড়া খাল খনন ও খালের ওপর তিনটি সেতু নির্মাণ করা হয়। ২০১৪ সালের ডিসেম্বরে এসব কাজ শেষ হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই খালে ময়লা-আবর্জনা ফেলা শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, খালটির শাপলা মোড় থেকে কামারপাড়া, সেনপাড়া, মুলা টোল হয়ে গোমস্তাপাড়া সেতু পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা বেহাল। দোকানপাট ও বাসাবাড়ির বর্জ্য ফেলা হচ্ছে সেসব স্থানে। কাছারি বাজার সেতু থেকে গোস্তাপাড়া সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার খালের পাড় বিধ্বস্ত হয়ে গেছে। এসব স্থানে কাদা, ময়লা ও ঝোপ-জঙ্গলে খাল মরে যাওয়ার উপক্রম হয়েছে। কটকিপাড়া থেকে সার্কিট হাউসের সামনে দিয়ে কেরানীপাড়ার অনেক স্থানেও ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এ ছাড়া অনেক স্থানে পাড় ভেঙে পড়েছে। পাশাড়িপাড়া থেকে নুরপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা বেহাল।
যোগাযোগ করলে রংপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী প্রথম আলোকে বলেন, খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সিটি করপোরেশনের। কিন্তু খালের উন্নয়নমূলক কাজটি করেছে এলজিইডি। খাল এখনো সিটি করপোরেশনকে বুঝিয়ে দেওয়া হয়নি বলে এই দুরবস্থা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন বলেন, খালটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।
শহরের মাঝ দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী ১২ কিলোমিটার শ্যামাসুন্দরী খালটি খনন করা হয় ১৮৯০ সালে। সে সময় কলেরা-মহামারিসহ বিভিন্ন রোগব্যাধি থেকে জনগণকে মুক্ত করতে রাজা জানকী বল্লভ সেন তাঁর মা শ্যামাসুন্দরীর নামে খালটি খনন করেন। শহরের সিও বাজার এলাকা থেকে শুরু হয়ে মাহিগঞ্জের পাটবাড়ী পর্যন্ত বুড়ি তিস্তা নদীতে গিয়ে মিশেছে এ খাল।