ময়লা তোমার বাসার সামনে ফেলার নির্দেশ দিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমাকে বারবার সতর্ক করার পরও তা পালন করোনি। তাই ওই ময়লা এখন থেকে মহাসড়ক থেকে তুলে নিয়ে সিটি করপোরেশনের অফিস ও তোমার বাসার সামনে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।’

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানকে মুঠোফোনে এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল শুক্রবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে ফোর লেন সড়কের কাজ পরিদর্শনে যান। এ সময় সাংবাদিকেরা তাঁকে জানান, কড্ডা ও বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর সিটি করপোরেশনের ময়লা ফেলায় যানজটের সৃষ্টি হয়। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সেখান থেকে মুঠোফোনে ভারপ্রাপ্ত মেয়রকে ওই সব কথা বলেন।

এ ছাড়া আসন্ন কোরবানির ঈদের আগে ও পরে মহাসড়ককে যানজটমুক্ত রাখতে বিভিন্ন নির্দেশনা দেন মন্ত্রী ওবায়দুল কাদের। নির্দেশনাগুলো হলো সাভার, আশুলিয়া ও গাজীপুরের পোশাক কারখানাগুলোয় ঈদের ছুটি এক দিন আগে-পরে শুরু করতে হবে। মহাসড়কের পাশে গরুর হাট বসানো যাবে না। কোরবানির পশুবাহী ফিটনেসবিহীন গাড়িগুলো ঢাকার পথে যাত্রা শুরুর আগেই থামিয়ে দেওয়া।   

তৈরি পোশাকশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘ঈদের সময় গার্মেন্টসের ছুটি যেন পৃথক দিনে দেওয়া হয়। গার্মেন্ট মালিক ও বিজিএমইএ নেতাদের সাজেশন দিচ্ছি, সাভার ও আশুলিয়ার কারখানাগুলোকে এক দিন এবং গাজীপুরের কারখানাগুলোকে আরেক দিন ছুটি মঞ্জুর করা হোক।