ময়লা পানি, গোসল করা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুগদা, মায়াকানন, আহম্মদবাগ, বাসাবোসহ অতীশ দীপঙ্কর রোড-সংলগ্ন পূর্বাঞ্চলীয় এলাকায় ঢাকা ওয়াসার সরবরাহ করা পানিতে হাত-মুখ ধোয়া, এমনকি গোসলও করা যাচ্ছে না। এলাকার বাসিন্দারা খাবার পানি সংগ্রহ করছেন বৌদ্ধমন্দিরের গভীর নলকূপের পানির পাম্প, ওয়াসার পাম্প এবং স্থানীয় বেসরকারি পাম্প থেকে। পানিতে দুর্গন্ধ রয়েছে আশপাশের এলাকায়ও।
গরম পড়তে না পড়তেই রাজধানীর অনেক এলাকায় পানির সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এই সমস্যাকে দুর্বিষহ করে তুলছে কল খুললেই যখন ময়লা ও দুর্গন্ধ আসছে।
মায়াকানন এলাকার বাসিন্দা মো. সাইফুল্লাহ ক্ষোভের সঙ্গে বলেন, ‘আগেও পানিতে দুর্গন্ধ ছিল। মাসখানেক হচ্ছে তা খুব বেশি। গত তিন দিনে মনে হচ্ছে পানির সঙ্গে মলমূত্র আসছে। বাসায় গোসল পর্যন্ত করতে পারিনি।’ অতীশ দীপঙ্কর রোড ঘিরে প্রায় সব লোকালয়ে একই অবস্থা। অনেক বাসিন্দা খাবার পানি সংগ্রহ করছেন স্থানীয় একটি মাদ্রাসার গভীর নলকূপ থেকে।
মুগদার বাসিন্দা মকসুদুল আনোয়ারের বাসায় ওয়াসার পানিতে মুখ ধুলে চোখ জ্বালা করে। তিনি বলেন, এলাকায় একাধিক গভীর নলকূপ আছে। তারপরও পানির কষ্ট।
উত্তর গোরানের আদর্শবাগের বাসিন্দা আবদুর রহমান বলেন, কিছুদিন ধরে কলে পানি আসছে খুব কম। এখন যেটুকু পানি আসছে তা ময়লা ও দুর্গন্ধযুক্ত।
বাসাবো-কদমতলা-আহম্মদবাগের বাসিন্দারা খাবার পানি সংগ্রহ করছেন বাসাবো বৌদ্ধমন্দিরের কাছে কদমতলা গভীর নলকূপ থেকে। গত শনিবার দুপুর ১২টার দিকে কদমতলা পানির পাম্প ঘিরে অনেক মানুষের ভিড় দেখা যায়। এখানে সব সময়ই পানি সংগ্রহে ভিড় জমে। ১০ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধ—সব বয়সের নারী-পুরুষ পানি সংগ্রহে ব্যস্ত। হাঁড়ি-কলসি, বিভিন্ন ধরনের জারিকেনের লাইন। গভীর নলকূপ থেকে উত্তোলিত পানি পাইপের লাইনে ঢোকার আগে মোটামুটি বিশুদ্ধ থাকে। তাই ওয়াসার পাম্প থেকে পানি নিলে তুলনামূলক বিশুদ্ধ পানি পাওয়া যায় বলে বাসিন্দারা জানান।
কদমতলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আকিল আহমেদ নিজেই আগে পানি সংগ্রহ করতেন। অসুস্থ থাকায় রিকশায় বসে ছিলেন। তাঁর ১২ বছরের নাতিকে পাঠিয়েছেন একটি পাঁচ লিটারের পানির বোতল দিয়ে। পাম্পের একজন কর্মচারী ফরহাদ বললেন, নদীর পানি দূষিত হওয়ায় এলাকার পানিতে দুর্গন্ধ।
বৌদ্ধমন্দির পানির পাম্পেও প্রচুর মানুষের ভিড়। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এলাকায় এমন কোনো পরিবার পাওয়া যাবে না, যারা ওয়াসার সরবরাহ করা পানির ওপর পুরোপুরি নির্ভর করতে পারে। বিশুদ্ধ পানি সংগ্রহে পরিবারে একজন না একজনকে ছুটতেই হয়। বাসার পানি ফুটিয়ে পান করলেও লাভ নেই।
যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, এলাকায় পানির পাম্প রয়েছে যথেষ্ট সংখ্যক। পানির সরবরাহও ভালো। বিশেষত পাইপলাইনে ফুটোর কারণে এলাকায় পানিতে দুর্গন্ধ। অনেকে বাড়িতে অবৈধ সংযোগ নিতে গিয়ে পাইপ ফুটো করে ফেলে বলে তিনি জানান।