ময়লা পানিতে একাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়লা-আবর্জনা আর নর্দমার পানি জমেছে নোয়াখালী শহরের পৌর বাজারে। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
ময়লা-আবর্জনা আর নর্দমার পানি জমেছে নোয়াখালী শহরের পৌর বাজারে। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

নোয়াখালী শহরের পৌর বাজারের বিভিন্ন গলিতে জমে আছে নর্দমার ময়লা পানি। এতে ক্রেতা-বিক্রেতারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। এক মাসেরও বেশি সময় ধরে এ অবস্থা চলছে।
গতকাল বুধবার সকালে নোয়াখালী পৌর বাজারে গিয়ে দেখা যায়, মাছ, হাঁস, মুরগি ও মাংসের বাজারের গলিগুলোতে নর্দমার পানি জমে একাকার। নর্দমাগুলো ভরে আছে ময়লা-আবর্জনায়। ক্রেতারা নাকে কাপড় দিয়ে বাজার করছেন। কোনো কোনো গলিতে পানি বেশি জমে থাকায় সেখানে কোনো ক্রেতা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাংস ব্যবসায়ী বলেন, পৌর বাজারের বেশির ভাগ দোকানপাট নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে। বাজারের উত্তর ও পূর্ব পাশের ডোবাগুলোও ভরাট করে দোকানপাট তৈরি করার কারণে মূল বাজারটি নিচু হয়ে গেছে। তা ছাড়া বাজারে পর্যাপ্ত নর্দমার ব্যবস্থাও নেই। যা আছে তা-ও নিয়মিত পরিষ্কার করা হয় না। এতে একটু বৃষ্টি হলেই বাজারে পানি জমে যায়।
মাছ ব্যবসায়ী মো. রফিক বলেন, এখানে প্রতিদিন হাজারো মানুষ কেনাকাটা করতে আসেন। সবজি ও মুদি দোকানিরা ক্রেতাদের চলাচলের সুবিধার্থে ইট বিছিয়েছেন। কিন্তু মাছ-মাংসের বাজারে পানি জমায় ক্রেতারা এদিকে আসতে চান না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মাছ কিনতে আসা গৃহিণী রোকেয়া বেগম বলেন, এক মাসের বেশি সময় ধরে পৌর বাজারের এই দুরবস্থা চলছে। বাধ্য হয়ে এ পানি দিয়ে হেঁটে বাজার করতে হয়। এতে পায়ে চুলকানি দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ্ খান প্রথম আলোকে বলেন, তিনি দুই দিন আগে সমস্যাটি দেখে এসেছেন। অপরিকল্পিতভাবে দোকানপাট নির্মাণ ও পর্যাপ্ত নর্দমা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।