রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শৌচাগারগুলো ময়লা পানিতে ভেসে যাচ্ছে। শৌচাগারের দরজা ভাঙা। পানির কলগুলো নষ্ট হয়ে আছে। পরনের কাপড় ধরে সাবধানে কেউ শৌচাগারে গেলেও বের হয়ে পানির অভাবে পা পরিষ্কার করতে পারছেন না। পায়ে পায়ে এই ময়লা পানি ছড়িয়ে পড়ছে ওয়ার্ডের ভেতরে। এতে করে ওয়ার্ডে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।গত শনিবার রামেক হাসপাতাল ঘুরে বেশির ভাগ ওয়ার্ডে দুর্ভোগের একই ধরনের চিত্র দেখা গেছে। ১৭ নম্বর ওয়ার্ডের শৌচাগারে গিয়ে দেখা যায়, এর ভেতরে চারটি পায়খানার মধ্যে একটির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি তিনটি চালু রয়েছে। এখানে নয়টি পানির ট্যাপ থাকলেও মাত্র দুটি চালু রয়েছে। তবে এগুলো বন্ধ করার কোনো ব্যবস্থা নেই। ফলে ময়লা পানিতে শৌচাগারের মেঝে ভেসে যাচ্ছে। এই ওয়ার্ডে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন রাজশাহীর তানোর উপজেলার লিটন আলী (৩৫)। তিনি বলেন, গ্রামের হাটবাজারের গণশৌচাগারও এত নোংরা হয় না। তিনি জীবনে এত নোংরা ও অস্বাস্থ্যকর পায়খানায় কখনো যাননি।হাসপাতালের পাঁচ নম্বর মডেল ওয়ার্ডের শৌচাগারের ভেতরে ঢোকাই সম্ভব হয়নি। শৌচাগারের মেঝেতে মল ছড়িয়ে রয়েছে। রোগীদের হাসপাতালের বাইরে গণশৌচাগারে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ ওয়ার্ডে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকার বৃদ্ধ বিলাত আলী (৬০) জানান, তিনি ১০ দিন ধরে এই ওয়ার্ডের কেবিনে চিকিৎসাধীন। এখানে পানির কোনো ব্যবস্থা নেই। এগুলো দেখার কেউ নেই।চার নম্বর ওয়ার্ডের শৌচাগারেরও একই অবস্থা। নয়টির মধ্যে দুটি পায়খানার ট্যাপ সচল। এগুলোও বন্ধ করার কোনো উপায় নেই। পায়খানার দরজা একই রকম ভাঙা ও ফুটো। ভেতর থেকে বন্ধ করার কোনো ব্যবস্থা নেই। এ ওয়ার্ডে চিকিৎসাধীন জয়পুরহাটের বৃদ্ধ বানু (৬৫)। তাঁর সঙ্গে দুজন স্বজন রয়েছেন। তাঁরা বলেন, ১৩ দিন ধরে এখানে রয়েছেন। বাইরে থেকে খাবার পানি যেটুকু আনা হচ্ছে, তা দিয়েই শৌচাগার ও গোসল করতে হচ্ছে।১৫ নম্বর ওয়ার্ডে গোসলের কোনো ব্যবস্থা নেই। একটি শৌচাগারের কল সচল আছে, তা-ও বন্ধ করার উপায় নেই। এই ওয়ার্ডে চিকিৎসাধীন আরতি রানীর একজন স্বজন জানান, পাঁচ দিন ধরে এখানে আছেন, এক দিনও গোসল করতে পারেননি।হাসপাতালের পরিচালক বি জে আশরাফুল আলম সিদ্দিকী বলেন, পায়খানা পরিষ্কার রাখার জন্য যে পরিমাণ (ক্লিনিং ম্যাটেরিয়াল) উপকরণ দরকার, তার বরাদ্দ তাঁরা পান না। আবার যে পরিমাণ লোকবল দরকার তা-ও এখানে নেই। তিনি বলেন, মেরামতের কাজগুলো গণপূর্ত বিভাগ করে থাকে। ইতিমধ্যে তারা কিছু মেরামতের কাজ শুরু করেছে। এই বরাদ্দে হয়তো এক-তৃতীয়াংশ কাজ করা যাবে। ছোটখাটো কাজ না করে তিনি আপাতত বড় কাজগুলো সারতে বলেছেন।