ময়লা ফেলার পাত্র কাজে আসছে না
ত্রিভুজাকৃতির হলুদ রঙের কাঠামো। এর মধ্যে কোনো কোনোটায় কালো রঙের গোলাকৃতি পাত্র। আবার অনেকগুলোতে শুধু কাঠামোটিই রয়েছে, ভেতরের পাত্রটি উধাও। কিছু আবার ভাঙা, উল্টো হয়েও পড়ে আছে। দুই সিটি করপোরেশনের পথের পাশে ময়লা ফেলার পাত্রগুলো উধাও হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ঠিকমতো ব্যবহৃতও হচ্ছে না।
গতকাল সোমবার ধানমন্ডি, মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও শাহবাগে দেখা যায়, অনেক জায়গায় ময়লা ফেলার পাত্র নেই। কোথাও কোথাও ভাঙা, বাঁকা বা ময়লা উপচে পড়ে আছে।
ধানমন্ডির সাতমসজিদ সড়কের ৬/এ-তে ফুটপাতে খাবারের হোটেল সামনের পাত্রটিকে ব্যবহার করা হচ্ছে ভেজা কাপড় শুকানোর জন্য। জিগাতলা বাসস্ট্যান্ডে পরপর অনেকগুলো পাত্র বেঁকে গেছে। সাতমসজিদ সড়কে অনেক জায়গাতেই পাত্র বাঁকা বা ময়লা ভর্তি দেখা যায়।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দুটি পাত্র নেই। কাত হয়ে পড়ে আছে হলুদ কাঠামো। টাউন হল মার্কেটের সামনে একটিতে পাত্র নেই। কিন্তু হলুদ কাঠামোটিকে এক সিগারেট বিক্রেতা শিকল দিয়ে বেঁধে রেখেছেন। এ সড়কের অনেকগুলোরই অবস্থা বেহাল।
তেজগাঁও কলেজের সামনে থেকে ফার্মগেট পর্যন্ত হলুদ রঙের কাঠামোটি ছাড়া কোনো পাত্র পাওয়া যাবে না। মানুষ ময়লা ফেলছে সড়কে। মো. রফিক নামের এক হকার বলেন, ‘লাগানোর কয় দিন পরই খুইলা নেয়। পার্কে গিয়া দেখেন, এগুলি নিয়া সংসার পাতছে। আবার বেইচাও খায়।’ আরও কয়েকজন হকার বলেন, ভবঘুরেরা রাতের বেলা পাত্রগুলো খুলে নিয়ে যায়।
ফার্মগেট থেকে শাহবাগ-কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অধিকাংশ ময়লার পাত্র খুলে নেওয়া হয়েছে। কিছু কিছু ভেঙে পড়ে আছে। হাতে গোনা দু-একটি ব্যবহারের উপযোগী ময়লা ফেলার পাত্র অবশিষ্ট পাওয়া যাবে। কারওয়ান বাজার প্রজাপতি গুহার সামনে একটি পাত্রের অনেকখানি ধরে উল্টে পড়ে ছিল। গতকাল দেখা যায়, ময়লা ভর্তি পাত্রটি ফুটপাতের এক পাশে সরিয়ে কাত করে রাখা। শাহবাগ ও টিএসসি এলাকায় অনেকগুলো পাত্র ভাঙা ও ময়লা উপচে পড়ে আছে।
সড়কের দুপাশে গত বছরের এপ্রিল-মে মাসে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ৬ হাজার ৭০০ ময়লা ফেলার পাত্র স্থাপন করে। পরিচ্ছন্ন নগরী গড়তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৫ হাজার ৭০০ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এক হাজার পাত্র ফুটপাতে বসায়। কিন্তু বছর না গড়াতেই এগুলো উধাও হয়ে যাচ্ছে।
ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কিছু কিছু পাত্র মেরামতের জন্য আমরাই খুলেছি। অল্প কিছু চুরি হতে পারে।’ তিনি আরও বলেন, প্রথমবারের মতো এসব ব্যবহৃত হচ্ছে। নজরদারি আছে। সুফল পেতে সময় লাগবে। তিনি মানুষের সচেতনতার কথা বলেন।
ডিএনসিসি গত বছরের জুন মাসের মধ্যে মোট পাঁচ হাজার ময়লা ফেলার পাত্র বসানোর কথা বলেছিল। কিন্তু এরপরে আর বসানো হয়নি। ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল সেলিম মাহমুদ বলেন, চুরি হয়ে যাওয়ায় ও মানুষ সচেতন না হওয়ায় তাঁরা আগ্রহ পাচ্ছেন না। আপাতত এ বিষয়ে তাঁদের আর কোনো পরিকল্পনা নেই।
দুই সিটি করপোরেশনই শহরকে পরিচ্ছন্ন রাখতে মানুষের সচেতনতার কথা বলেন। গতকাল বেশ কয়েক জায়গায় দেখা যায়, ময়লার পাত্র খালি, কিন্তু সামনে ময়লার স্তূপ। পাত্রের গায়ে নগরীকে সুন্দর রাখার জন্য কিছু কথা লেখা ছিল। কিন্তু নানা রকম বিজ্ঞাপনী পোস্টারে সেসব ঢেকে গেছে, আর পড়া যায় না।