ময়লা ফেলুন সন্ধ্যা সাতটার পর: সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, নগরের প্রত্যেককে ময়লা ফেলতে হবে সন্ধ্যা সাতটার পর সিটি করপোরেশনের নির্দিষ্ট ডাস্টবিনে।
আজ সোমবার পুরান ঢাকার লালবাগ কেল্লার মোড়ে ডিএসসিসি ঘোষিত কর্মসূচি ‘পরিচ্ছন্নতা বছর-২০১৬’ উপলক্ষে জনসমাবেশ ও শোভাযাত্রার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএসসিসির চলমান জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ২৩,২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডিএসসিসির মেয়র বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগর গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষকে পরিচ্ছন্ন কার্যক্রমে শামিল হতে হবে। সবাই সচেতন হলেই শহর পরিচ্ছন্ন হবে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে হুমায়ুন কবির, মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন ও হাসিবুর রহমান বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে মেয়র সাঈদ খোকনসহ উপস্থিত সবাই ঝাড়ু হাতে প্রতীকী পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। পরে জনসচেতনতামূলক শোভাযাত্রা লালবাগ কেল্লার মোড় থেকে শুরু হয়ে লালবাগ কেল্লার ফটকে গিয়ে শেষ হয়।