ময়লা ফেলে খাল ভরাট ভাগােড় চলছে মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়লা-আবর্জনা ফেলতে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ফসলি জমিতে ভাগাড় নির্মাণ করেছিল পৌরসভা কর্তৃপক্ষ৷ কিন্তু তারা সেখানে ময়লা না ফেলে পৌর এলাকার নয়াকান্দি খালে ফেলছে৷ এতে ভরাট হয়ে যাচ্ছে খালটি৷ দূষিত হচ্ছে পরিবেশ৷ আর কোটি টাকা ব্যয়ে নির্মিত ভাগাড়ে দেড় বছর ধরে মাছের চাষ করা হচ্ছে৷
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী বলেন, আগামী জুলাই মাসে ভাগাড়টি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে৷ উদ্বোধনের পর সেখানে পৌর এলাকার ময়লা-আবর্জনা ফেলা হবে৷
পৌরসভা ও স্থানীয় লোকজন জানান, পৌর এলাকার ময়লা-আবর্জনা রাখার ভাগাড় নির্মাণের জন্য ২০১০ সালে ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণে সদর উপজেলার দীঘি ইউনিয়নের ভাটবাউর এলাকায় ২ দশমিক ৪ একর ফসলি জমি অধিগ্রহণ করা হয়৷ ভাগাড় নির্মাণের প্রতিবাদে সে সময় স্থানীয় কৃষক ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ব্যাপক আন্দোলন করেন৷ এরপর ২০১২ সালের ২০ মার্চ প্রায় এক কোটি টাকা ব্যয়ে ভাগাড় নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ৷ ওই বছরের ডিসেম্বরে ভাগাড় নির্মাণের কাজ শেষ হয়৷
কিন্তু পৌর কর্তৃপক্ষ আজ পর্যন্ত সেখানে ময়লা-আবর্জনা ফেলা শুরু করেনি৷ তারা পাঁচ বছর ধরে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের পাশে নয়াকান্দি এলাকায় খালের দক্ষিণ পাড়েই ময়লা ফেলছে৷ এতে খালের বেশ কিছু অংশ ভরাট হয়ে গেছে৷ দূষিত হচ্ছে খাল ও আশপাশের পরিবেশ৷ ব্যস্ততম আঞ্চলিক সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় লোকজনকে মুখে রুমাল চেপে চলাচল করতে হয়৷
অন্যদিকে ভাটবাউর এলাকায় ভাগাড়ে মাছ চাষ করছেন জাহিদুর রহমান নামের এক ব্যক্তি৷ জাহিদুর রহমান বলেন, ভাগাড়ের চারপাশে বিভিন্ন চারাগাছের যত্ন নেওয়ার শর্তে পৌর কর্তৃপক্ষ তাঁকে মাছ চাষের মৌখিক অনুমতি দিয়েছে৷
এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, ভাগাড়ে মাছ চাষের বিষয়টি তিনি জানেন না৷