ময়লা ফেলে সুরমা দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সুরমা নদীতে প্রতিদিন বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। নদীদূষণ অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে নদীর নাব্যতা সংকট, জনস্বাস্থ্যের ঝুঁকিসহ সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।সিটি করপোরেশন সূত্র জানায়, নগর থেকে প্রতিদিন গড়ে ২০০ মেট্রিক টন আবর্জনা অপসারণ করা হয়। এ হিসাবের বাইরেও স্থানীয় লোকজন বিপুল পরিমাণ বর্জ্য সুরমা নদীতে ফেলে।সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, নগরের মাছিমপুর, কদমতলী, ঝালোপাড়া, কালীঘাট, চাঁদনীঘাট ও তোপখানা এলাকায় সুরমা তীরবর্তী বিভিন্ন স্থানে বর্জ্য ফেলা হচ্ছে। প্রতিদিনই এসব আবর্জনা নদীর পানিতে মিশে যাচ্ছে। এসব বর্জ্যের মধ্যে রয়েছে বিভিন্ন বাসাবাড়ি ও হোটেল-রেস্তরাঁর আবর্জনা, প্লাস্টিকের বোতল, ক্লিনিকের পরিত্যক্ত সামগ্রী ইত্যাদি। ঝালোপাড়া এলাকার গৃহিণী রোকসানা খাতুন বলেন, ‘আমরা এই নদীতে কাপড়চোপড় ও থালাবাসন ধোয়া থেকে শুরু করে গোসলের কাজ সারি। কিন্তু মানুষজন বিভিন্ন আবর্জনা ফেলে নদীকে পুরোপুরি বিনষ্ট করে ফেলছে। এখন গোসল করতে গেলেই নদীতে ইনজেকশনের সিরিঞ্জ, স্যালাইনের ব্যাগ ও প্লাস্টিকের বোতল পাওয়া যায়।’সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক ছামির মাহমুদ অভিযোগ করেন, মানুষ ময়লা-আবর্জনা ডাস্টবিনে না ফেলে নদীতে ফেলছে। এতে মারাত্মক নদীদূষণ হলেও সিটি করপোরেশন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, সুরমা নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের এখনই কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি নদীতে ময়লা না ফেলার জন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা শহরের ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করছেন। কিন্তু অসচেতন কিছুসংখ্যক মানুষ নদীতে ময়লা ফেলছে। দূষণ প্রতিরোধে নদী তীরবর্তী এলাকাগুলোতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।