বগুড়ায় পর্যটন মোটেলের পাশের জায়গা ও মহাসড়কের ফুটপাত দীর্ঘ প্রায় দুই বছর ধরে ময়লা-আবর্জনা ফেলার স্থান হিসেবে ব্যবহার করছে পৌর কর্তৃপক্ষ। দুর্গন্ধে বিব্রত হচ্ছেন মোটেলে আসা দেশি-বিদেশি অতিথি ও পর্যটকেরা।ওই স্থানে ময়লা না ফেলতে পর্যটন করপোরেশন এবং সড়ক ও জনপথ (সওজ) দফায় দফায় তাগাদা দিলেও পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না। সর্বশেষ গত বুধবার বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান বগুড়া পর্যটন মোটেল পরিদর্শনে এলে বিষয়টি তাঁর নজরে আনা হয়। ময়লা ফেলার স্থানটি অন্য কোথাও সরিয়ে নিতে মন্ত্রীর কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরও টনক নড়েনি পৌর কর্তৃপক্ষের।গত বৃহস্পতিবারও গাড়িতে করে ময়লা-আবর্জনা এনে ওই স্থানে ফেলতে দেখা গেছে। বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, পৌরসভার বর্জ্য এবং ময়লা-আবর্জনা অপসারণের কার্যক্রম দেখাশোনা করে ওয়ার্ডভিত্তিক গঠন করে দেওয়া কমিটিগুলো। ওই স্থানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য ওয়ার্ড কমিটি এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিষেধ করা হয়েছে। কিন্তু মহাসড়কের পাশের জমির মালিকেরা খাল ভরাটের উদ্দেশ্যে পরিচ্ছন্নতাকর্মী ও গাড়িচালকদের টাকা-পয়সা দিয়ে হাত করে নিয়েছেন। তাই বারবার বলার পরও তারা নিষেধ শুনছে না।বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, শহরতলির বনানী তিন মাথায় পর্যটন মোটেল ঘেঁষে পশ্চিম পাশে রংপুর-ঢাকা মহাসড়ক এবং মহাসড়কসংলগ্ন পাশের জমিতে ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা হচ্ছে। যার দুর্গন্ধ শুধু পর্যটন মোটেলেই নয়, ছড়িয়ে পড়ছে সামনের সুলতানগঞ্জ উচ্চবিদ্যালয়েও। ওই স্থানের পাশেই গণ্ডগ্রাম মহল্লার শ্রমিক মুকুল হোসেন বলেন, দুই বছর ধরে গোটা শহরের ময়লা-আবর্জনা এনে এখানে ফেলা হচ্ছে। বাতাসে ময়লা-আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।বৃহস্পতিবার দুপুরে ময়লা ফেলতে আসা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী সেলিম মিয়া জানান, শহরের মোহাম্মদ আলী হাসপাতাল এলাকা থেকে ভ্যানে করে ময়লা-আবর্জনা এনে এখানে ফেলা হচ্ছে। এখানে ময়লা ফেলতে নিষেধের কথা পৌরসভা থেকে কেউ বলেননি। বগুড়া পর্যটন মোটেলের ব্যবস্থাপক এস এম মিজানুর রহমান বলেন, দেশি-বিদেশি পর্যটকেরা মোটেলে এসে প্রায়ই বিব্রতবোধ করেন। এ জন্য ওই স্থানে আবর্জনা না ফেলার জন্য পৌরসভাকে দফায় দফায় লিখিত তাগাদা দেওয়া হয়েছে। তার পরও কোনো কাজ হচ্ছে না।