ময়লার ঝুড়ি পাহারার আহ্বান সাইদ খোকনের
ময়লা রাখার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বসানো ৫ হাজার ৭০০ ওয়েস্ট বিনের (ময়লার পাত্র) মধ্যে ২২০টি চুরি হয়ে গেছে। রাস্তার পাশের এসব ময়লার পাত্র পাহারার জন্য নগরবাসীকে আহ্বান জানান মেয়র।
আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে মেয়র সাইদ খোকন এ আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিআইটি এলাকায় একমাত্র পুকুরটি বেদখল ও ভরাট বিষয়ে অভিযোগ ছাড়াও এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী।
আবদুর রশিদ নামের এক ব্যক্তি বলেন, ডিআইটি এলাকায় একমাত্র পুকুরটি ময়লা-আবর্জনায় ভরে গেছে। সেখানে অবৈধ দোকানপাটে ভরে গেছে। দখলদারদের অধিকাংশ প্রভাবশালী হওয়ার এলাকাবাসী কথা বলতে সাহস পান না।
মেয়র সাইদ খোকন জানান, পুকুরটি নিয়ে যদি কোনো মামলা না থাকে, তবে চলতি সপ্তাহের মধ্যে এখানে উচ্ছেদ অভিযান চালানো হবে। দখলদারেরা হুমকি বিষয়ে পুলিশের সহকারী ডেপুটি কমিশনারকে জানাতে বলেন তিনি।
সাইদ খোকন আরও বলেন, দুই বছর আগে তিনি এলাকার উন্নয়নে যে ওয়াদা করেছিলেন, তা পূরণ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন। তিনি ঢাকা শহরে ৩০০টি রাস্তা (১৬০ কিলোমিটার) উন্নয়ন করেছেন। তার মধ্যে ফরিদাবাদ, লালমোহন পোদ্দার লেনসহ কয়েকটি রাস্তা হয়েছে।
ময়লা-আবর্জনা পরিষ্কার বিষয়ে মেয়র বলেন, অনেক চেষ্টাতেও ময়লা-আবর্জনা নিয়ন্ত্রণে আসছে না। সবার সহযোগিতা ছাড়া এটা অসম্ভব।
এলাকার বাসিন্দারা গ্যাস-সংকটকে এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা বলে উল্লেখ করলে মেয়র বলেন, এটা জাতীয় সমস্যা। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন। এলাকাবাসী রাস্তার দুরবস্থা, জলাবদ্ধতা, মশার সমস্যার কথা তুলে ধরেন। এখানে ঢাকা ওয়াসা, ডিপিডিসি, তিতাস গ্যাস কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেয়র সবাইকে সহযোগিতা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর নাসির আহমদ ভুঁইয়া।