ময়লার ভাগাড়ে বাগান হবে

ফুটপাতে ছড়িয়ে-ছিটিয়ে থাকত ময়লা-আবর্জনা। কোথাও রাখা হতো টাইলস আর বাঁশ। আবার পিকআপভ্যান ও মিনিট্রাকের দখলে ছিল বড় একটি অংশ। তদারকি না থাকার সুযোগে দোকান বসিয়ে ব্যবসা শুরু করে কিছু লোক। এসব কারণে ফুটপাত দিয়ে চলাচলের কোনো সুযোগই ছিল না পথচারীদের। নাক-মুখ চেপে রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে কোনোরকম পথ চলতে হতো পথচারী ও যাত্রীদের।
চার মাস আগেও চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার আউটার স্টেডিয়াম-সংলগ্ন ফুটপাতের এই ‘করুণ’ অবস্থা ছিল। তবে এই চিত্র আর থাকবে না। সেখানে হবে বাগান ও হাঁটাপথ (ওয়াকওয়ে)। বর্তমানে এর নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে পিকআপ আর মিনিট্রাকের অস্থায়ী স্ট্যান্ড, দোকান উচ্ছেদ করা হয়েছে। এর আগে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে সেখানে পর্দা দেওয়া হয়েছিল।
চট্টগ্রামের ফিউশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এই সৌন্দর্যবর্ধনের কাজ করছে। দরপত্রের মাধ্যমে এই কাজ পায় প্রতিষ্ঠানটি। গত ২৪ সেপ্টেম্বর এই ব্যাপারে প্রতিষ্ঠানটির সঙ্গে সিটি করপোরেশনের চুক্তি হয়। তহবিল সংকটের কারণে বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় বলে জানান সিটি করপোরেশনের কর্মকর্তারা।
সিটি করপোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের জেরিনা হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, নগরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত ফুটপাতটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অগোছালো অবস্থায় পড়েছিল। ময়লা-নোংরা ও ভাসমান দোকানের কারণে এখানে হাঁটার কোনো পরিবেশ ছিল না। এখন পরিকল্পিত ও নান্দনিকভাবে তা ব্যবহার উপযোগী করা হচ্ছে। এটি ভালো উদ্যোগ।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, স্বাপ্নিক নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান সৌন্দর্যবর্ধনের নকশা করেছে। অক্টোবরের শুরুর দিকে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের মার্চ পর্যন্ত।

সিটি করপোরেশনের একজন প্রকৌশলী প্রথম আলোকে বলেন, আউটার স্টেডিয়ামের উত্তর ও পূর্ব পাশের ৮০০ ফুট দীর্ঘ ফুটপাতের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন করা হবে। ২৪ ফুট চওড়া ফুটপাতটিকে আট ফুট করে তিন লেনে ভাগ করা হবে। প্রথম ও তৃতীয় লেনে হাঁটার পথ থাকবে এবং মাঝখানের লেনে বাগান করা হবে। দুটি গণশৌচাগার নির্মাণ করা হবে। দর্শনার্থী ও পথচারীদের বসার ব্যবস্থাও থাকবে। এ ছাড়া পাশের নালাটিও পাকা করে দেবে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। এসব কাজে প্রায় এক কোটি টাকা ব্যয় হবে। প্রতিষ্ঠানটি তা খরচ করবে।
সিটি করপোরেশনের সঙ্গে করা চুক্তির শর্তানুযায়ী ফিউশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্প এলাকায় ক্যাফে, এটিএম বুথ, যাত্রীছাউনি নির্মাণ করতে পারবে। এ ছাড়া প্রতিষ্ঠানটি এলইডি বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে। তবে এসব কাজ করার সময় সরকারি সম্পদের কোনো ক্ষতি করা যাবে না। প্রকল্প এলাকা সবার জন্য উন্মুক্ত থাকবে। চুক্তির মেয়াদ ১৫ বছর।
তহবিল সংকটের কারণে সৌন্দর্যবর্ধনের কাজ নিজেরা না করে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরকে ক্লিন ও গ্রিন সিটি করার পরিকল্পনা রয়েছে মেয়রের। এর অংশ হিসেবে কাজীর দেউড়ি এলাকায় সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে কাজীর দেউড়ি এলাকার চেহারা পাল্টে যাবে।
সরেজমিনে দেখা যায়, ফিউশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নিয়োগ করা প্রায় ৩০ জন শ্রমিক বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করছিলেন। তাঁদের কেউ হাঁটাপথ তৈরি, কেউ গর্ত ভরাটের কাজে ব্যস্ত ছিলেন। তাঁদের দিকনির্দেশনা দিচ্ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা আবুল বাশার। তিনি বলেন, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবেন।