ময়লার স্তূপ, যাত্রীদের অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী রেলস্টেশন এলাকায় অবাধে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে স্টেশনে যাতায়াতকারী যাত্রীরা পড়ছেন অস্বস্তিকর পরিস্থিতিতে।

গতকাল শনিবার চৌমুহনী রেলগেট থেকে স্টেশন পর্যন্ত এলাকা ঘুরে দেখা যায়, ময়লা-আবর্জনার কারণে রেললাইনের পাশ দিয়ে হাঁটাও কষ্টকর। ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটের ময়লা-আবর্জনা ফেলা হয়েছে রেললাইনের ওপর। রেললাইনের ওপর মলমূত্র ত্যাগও করা হয়েছে। এসব কারণে দুর্গন্ধে রেললাইনের পাশ দিয়ে চলাফেরা কঠিন হয়ে পড়েছে।

পথচারী আবদুর রহিম বলেন, ‘রেলস্টেশন এলাকায় এলে মনে হয় এটি যেন ময়লা-আবর্জনা ফেলার ও মলমূত্র ত্যাগের জায়গা।’

রেলস্টেশন-সংলগ্ন বিপণিবিতানের ব্যবসায়ী জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, রেলস্টেশন এলাকায় ময়লা-আবর্জনা ফেলায় কোনো বাধা নেই। রেলওয়ের লোকজনও কাউকে কিছু বলেন না। এতে স্টেশন এলাকা এখন অঘোষিত ডাস্টবিনে পরিণত হয়েছে। দুর্গন্ধে দোকানে বসাও কঠিন হয়ে পড়েছে।

চৌমুহনী রেলস্টেশনের মাস্টার মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্টেশন এলাকায় ময়লা-আবর্জনা না ফেলতে আশপাশের দোকানপাটের মালিকদের বারবার সতর্ক করা হয়েছে। কিন্তু তাঁরা কথা শুনছেন না। শিগগিরই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।