ময়লায় সয়লাব বাবুবাজার দুর্ভোগ
পুরান ঢাকার বাবুবাজারের দুটি স্থানে কয়েক দিন ধরে ময়লা-আবর্জনা স্তূপাকারে পড়ে আছে। এসব ময়লা বৃষ্টির পানিতে মিশে রাস্তায় একাকার হয়ে পড়েছে। ফলে লোকজনের ভোগান্তির শেষ নেই।বুড়িগঙ্গার বেড়িবাঁধ দিয়ে প্রতিদিন গাবতলী ও আমিনবাজারমুখী অসংখ্য বাস চলাচল করে। এসব বাস বাবুবাজারের উত্তর পাশ দিয়ে সেতুর সংযোগ সড়ক দিয়ে ঘোরানো হয়। রাস্তার ওপর ময়লা-আবর্জনা থাকায় তা গাড়ির চাকার মাধ্যমে আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ছে। ময়লা-আবর্জনায় আশপাশে ব্যাপক কাদার সৃষ্টি হয়েছে। রাস্তায় জমে থাকা পানি গাড়ির চাকার মাধ্যমে ছিটে মানুষের শরীরে পড়ছে। আরমানিটোলা-সৈয়দ হাসান আলী লেন সংযোগ সড়কের দক্ষিণ পাশের ডাস্টবিনের পাশেও ময়লা স্তূপাকারে পড়ে আছে।বাবুবাজারের হক রাইস এজেন্সির কর্মচারী মোহাম্মদ ইব্রাহিম জানান, ছয়-সাত দিন ধরে তাঁদের দোকানের সামনের ময়লা-আবর্জনাগুলো সরানো হচ্ছে না। এতে তাঁদের দোকানে ক্রেতারা ঢুকছে না। ময়লার তীব্র গন্ধে দোকানে বসে থাকা কঠিন হয়ে পড়েছে।সরকার ট্রেডিং করপোরেশনের কর্মচারী আবদুল মোতালেব জানান, আশপাশের আম, কাঁঠাল ও লিচুর ব্যবসায়ীরা ময়লা ফেলায় তা ভাগাড়ে পরিণত হয়েছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুই-তিন বছর আগে বাবুবাজার মাজারের পূর্ব পাশের রাস্তায় লোকজন ময়লা ফেলা শুরু করে। এখন হোটেল-রেস্তোরাঁর বর্জ্য ও ব্যবসায়ীরা ময়লা ফেলছেন। ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা এ প্রতিবেদকের কাছে ময়লা পড়ে থাকার সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে ওয়াকিটকিতে যোগাযোগ করেন। অপর প্রান্ত থেকে জানানো হয়, আজ শনিবারের মধ্যে তা পরিষ্কার করা হবে।