ময়লায় সয়লাব শিল্পকলা একাডেমির টয়লেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চিত্রশালার তৃতীয় তলায় এক নারী টয়লেটে ঢুকলেন। সঙ্গে সঙ্গেই নাক চেপে বের হয়ে গেলেন। ডাকতে থাকলেন পরিচ্ছন্নতাকর্মীকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের টয়লেটগুলোতে এমনই দুরবস্থা। অপরিচ্ছন্ন, প্রচণ্ড দুর্গন্ধে ভরা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দেখা যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র, জাতীয় চিত্রশালা ও নাট্যশালার প্রতিটি তলার টয়লেটগুলো নোংরা, অপরিচ্ছন্ন, প্রচণ্ড দুর্গন্ধে ভরা। পরিচর্যা নেই, নেই স্বাস্থ্যসম্মত কোনো ব্যবস্থা। কোনো কোনো তলায় পুরুষ-মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা নেই। সবাই একই দরজা ব্যবহার করছেন। টয়লেটও একই।
জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের নিচতলার টয়লেটটিতে ময়লা কাদায় সয়লাব। এখানেও পুরুষ ও মহিলাদের একই ব্যবস্থা। নাম প্রকাশ না করার শর্তে শিল্পকলায় নিয়মিত আসা একজন বললেন, টয়লেটগুলো এ রকমই থাকে। প্রদর্শনী উপলক্ষে কিছুটা পরিষ্কার রাখা হচ্ছে। তবে গন্ধ এমনই।
শিল্পকলার জাতীয় চিত্রশালায় পুরো ডিসেম্বর মাসব্যাপী ‘১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০১৬’ চলছে। সুহানা স্বর্ণা সম্প্রতি এ প্রদর্শনী দেখতে এসে নিচতলার টয়লেট ব্যবহার করেছিলেন। তিনি অভিযোগ করেন, জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠানের টয়লেটে কোনো প্রসাধনী নেই। দুর্গন্ধে যেতে খারাপ লাগে।
টয়লেটগুলোতে কোনো টিস্যু পেপার নেই। হাত ধোয়ার জন্য নেই সাবান। কিছু কিছু কমোডের ভেতরেও নোংরা ভাসছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষ্কার-পরিচ্ছন্নতার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কালকেই এগুলো দেখব। সব ঠিক হয়ে যাবে।’