ময়লা-আবর্জনা আর দূষণের নগর গাজীপুর
নগরের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের৷ কিন্তু গাজীপুর সিটি করপোরেশন উল্টো সড়ক-মহাসড়কের ওপর, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ও আবাসিক এলাকায় ময়লা-আবর্জনা ফেলছে৷ এতে দুর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ৷
এ কারণে পৃথিবীর দূষিত শহরগুলোর তালিকায় স্থান করে নিয়েছে গাজীপুর৷ চলতি মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯১টি দেশের এক হাজার ৬০০ শহরের মধ্যে দূষণের দিক দিয়ে গাজীপুরের অবস্থান ২১৷ পাশেই ঢাকার অবস্থান ২৩ ও নারায়ণগঞ্জের অবস্থান ১৭৷
গত কয়েক দিন সরেজমিনে ঘুরে ও নগরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুরের ওপর দিয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক৷ দুটি সড়কের ওপরই সিটি করপোরেশনের কর্মীরা আবর্জনা ফেলছেন৷ এর মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার মালেকের বাড়ি, ছয়দানা, টঙ্গী বাজার বাসস্ট্যান্ড এলাকাসহ বেশ কিছু স্থানে আবর্জনা ফেলা হচ্ছে৷ সদর উপজেলার কড্ডা ও বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবর্জনা ফেলতে ফেলতে অর্ধেক অংশ দখল হয়ে গেছে৷
দুটি মহাসড়কের সংযোগস্থল চান্দনা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের নিচে দিনে প্রকাশ্যে ময়লা-আবর্জনা ফেলা হয়৷ অনেক সময় আবর্জনা ফেলতে গিয়ে পথচারীদের শরীরেও ছড়িয়ে পড়ছে৷ এ ছাড়া ঢাকা-গাজীপুর সড়কের পাশেই অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সীমানা ঘেঁষে ফেলা হয় আবর্জনা৷ প্রতিটি স্থানের পাশ দিয়ে নগরবাসীকে নাকে রুমাল চেপে চলতে হয়৷
গাজীপুর পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আনোয়ার পারভেজ প্রথম আলোকে বলেন, গাজীপুর পৌরসভা থেকে সিটি করপোরেশন হয়েছে৷ কিন্তু কোনো সুযোগ সুবিধাই নগরবাসী পায়নি৷ দেশের প্রধান দুটি মহাসড়কে আবর্জনা ফেলে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে৷ আবাসিক এলাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে৷ অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি৷
কোনাবাড়ী এলাকার বাসিন্দা আসাদুজ্জামান জানান, বিশ্বের নোংরা শহরের তালিকায় গাজীপুরের নাম রয়েছে—এতে অবাক হওয়ার কিছু নেই৷ যারা জরিপ করেছে সঠিক করেছে৷ মহাসড়কের ওপর আবর্জনা ফেলায় যানবাহন ধীরগতিতে চলে৷ মাঝেমধ্যে ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷
সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কবীর আল আসাদ প্রথম আলোকে বলেন, কোথাও জায়গা না থাকায় মহাসড়কের পাশে আবর্জনা ফেলা হচ্ছে৷ তবে কয়েক দিন পর পর বুলডোজার দিয়ে সেগুলো মহাসড়ক থেকে ঠেলে সরিয়ে দেওয়া হয়৷
বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু হচ্ছে: সিটি করপোরেশন জানায়, সদর উপজেলার ঝাঝর এলাকার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প শুরু হচ্ছে৷ আগামী ১৫ জুন থেকে তারা পরীক্ষামূলকভাবে সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা নেওয়া শুরু করবে৷ বর্জ্য দিয়ে তারা সার তৈরি করবে৷
বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান জানান, প্রকল্পটি চালু হলে আবর্জনার সমস্যা সমাধান হয়ে যাবে৷