ময়লা-আবর্জনায় দুর্গন্ধময় পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হয়নি, তাহলে রাস্তায় পানি জমে আছে কেন? সঙ্গে সঙ্গে জবাব—‘এটা আমাগো নিয়তি। পাকিস্তান আমলের স্যুয়ারেজ লাইন, এখনো চলতাছে।’
পুরান ঢাকার রমাকান্ত নন্দী লেনের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা অখিল সাহা রাস্তার দুরবস্থা দেখিয়ে এমন মন্তব্য করলেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তাঁর সঙ্গে কথা হয়। দেখা গেল, ওই লেন থেকে শাঁখারীবাজার যাওয়ার পয়ো (স্যুয়ারেজ) পাইপের বিভিন্ন অংশ থেকে উপচে পড়ছে ময়লা পানি। এলাকাটি ঢাকা দক্ষিণের ৩৭ নম্বর ওয়ার্ডের। শুধু রমাকান্ত নন্দী লেন নয়, ওই ওয়ার্ডের কবিরাজ লেন, জি এল গার্থ লেন, কুমারটুলী লেন, পাটুয়াটুলী লেনসহ বেশির ভাগ এলাকারই একই অবস্থা। এলাকাবাসীর মতে, ওয়ার্ডে প্রধান সমস্যা এই পয়োব্যবস্থা।
ওয়ার্ডের বাকি অংশ সদরঘাট, ওয়াইজঘাট স্নানঘাট, আহসান উল্লাহ রোড, সিমশন রোড, পাটুয়াটুলী রোড, ইসলামপুর (একাংশ), লিয়াকত অ্যাভিনিউ, নর্থব্রুক হল রোড, ওয়াইজ ঘাট, লয়াল স্ট্রিট, পি কে রায় রোড (বাংলাবাজার), চিত্তরঞ্জন অ্যাভিনিউ—পুরো এলাকাতেই ভাঙা রাস্তা, আবর্জনা, পানির কষ্ট, বিদ্যুতের যন্ত্রণা, যানজট। ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসও ছেয়ে আছে অলি-গলিতে।
ওয়াইজ ঘাট এলাকায় আধুনিক বিপণিবিতান, রেস্তোরাঁও গড়ে উঠেছে। কিন্তু এখানে কেনাকাটা করতে এসে ক্রেতারা শান্তি পান না। মাঝেমধ্যেই রাস্তা উপচে থাকে ময়লা পানি। পার্শ্ববর্তী পাটুয়াটুলীতে রাবেয়া ইলিয়াছ মার্কেটের ব্যবসায়ী আকবর আলী বলেন, স্যুয়ারেজের অব্যবস্থার কারণে এখানে পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে।
সদরঘাট টার্মিনাল এলাকা থেকে বাকল্যান্ড বাঁধ রোড ধরে ওয়াইজঘাট। রাস্তার মধ্যে ময়লা-আবর্জনা। বুড়িগঙ্গা নদীর দূষিত পানির সঙ্গে যোগ হয়েছে আবর্জনার দুর্গন্ধ।
ওয়াইজঘাট স্নানঘাট, যেটি বিনা ঘাট (সাবেক ওয়ার্ড কাউন্সিলর বিনয় সরকারের নামে) বলে পরিচিত, তার অবস্থা আরও খারাপ। দখল, অবৈধ স্থাপনা আর অব্যবস্থাপনার সাক্ষী যেন ঘাটটি। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক তাপস পাল প্রথম আলোকে বলেন, দুর্গাপূজার পর শতাধিক প্রতিমা এবং কালীপূজার দুই শতাধিক প্রতিমা বিসর্জন হয় এই ঘাটে। সে সময় বোঝা যায়, দিন দিন এখানে অব্যবস্থাপনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
বেলা ১১টার দিকে দেখা যায়, চিত্তরঞ্জন অ্যাভিনিউ যাওয়ার পথে পাটুয়াটুলী চৌরাস্তার মোড়ে আটকে আছে যানবাহন। রাস্তায় ময়লাবাহী কনটেইনার পড়ে আছে ছড়িয়ে-ছিটিয়ে। ভিক্টোরিয়া পার্ক মোড় থেকে যার শুরু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কলেজিয়েট স্কুলে যাওয়ার পথ প্রায় রুদ্ধ।
এলাকায় বিদ্যুৎ যায় দিনক্ষণ না মেনে। কবিরাজ লেনের অমিয়াংশু পাল বলেন, শুক্রবার ছুটির দিন। এলাকার সব মার্কেট বন্ধ। বিদ্যুতের ব্যবহার কম। কিন্তু তার পরও দিনে-রাতে ছয়বার বিদ্যুৎ গেছে। আজও (শনিবার) সকাল থেকে তিনবার গেছে। ঘড়িতে তখন বেলা দেড়টা।
পাওয়ার সাপ্লাই কোম্পানির (ডিপিডিসি) বাণিজ্যিক পরিচালন বিভাগ থেকে বলা হয়, তাদের জানামতে, এলাকায় লোডশেডিং হয় না। তাহলে বিদ্যুৎ যায় কেন? এ প্রশ্নে একজন লাইনম্যান বলেন, এলাকায় সঞ্চালন বিতরণ লাইনের অবস্থা খুব খারাপ। ছয়বার না, সারা দিন বিদ্যুৎ না থাকলেও অবাক হওয়ার কিছু নেই।

৩৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী যাঁরা
৩৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছে আওয়ামী লীগ-সমর্থিত আবদুর রহমান মিয়াজী, বিএনপি-সমর্থিত প্রার্থী এ বি এম পারভেজ রেজা, জাতীয় পার্টির প্রার্থী জাফর পাঠান। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন শাহাবুদ্দিন জেনী ও আমীর আহমেদ, মো. বাচ্চা নওয়াব। বৈধ প্রার্থীর তালিকায় নাম থাকলেও নির্বাচন করছেন না মহানগর আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাবুবুর রহমান আলীজান, সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ নৌকা মাঝি শ্রমিক লীগ নেতা মো. জাবেদ হোসাইন। গতকাল রাতে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টি নিশ্চিত করেন।