ময়ূরপঙ্খির উদ্যোগে করোনা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল শুক্রবার করোনা প্রতিরোধ ও প্রতিকারবিষয়ক কর্মশালা ময়ূরপঙ্খী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ময়ূরপঙ্খী সদস্য, ভলান্টিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশু ও নারীরা অংশগ্রহণ করেন।
কর্মশালাটি পরিচালনা করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন। এ সময় করোনা প্রতিরোধ ও প্রতিকারের ব্যবহারিক বিষয়গুলো তুলে ধরেন এবং সংস্থার সব ভলান্টিয়ারকে সচেতনতামূলক কার্যক্রম নিজ নিজ এলাকায় করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। এ সময় সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে স্যানিটাইজার প্রদান করা হয়।
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থাপক ও মডেল ইশাত পায়েল, চিত্রনায়িকা আলিশা প্রধান, ময়ূরপঙ্খির ভাইস চেয়ারম্যান সাথী খান, উপদেষ্টা লায়ন শিউলি প্রমুখ।
কিছুদিন আগে মিরপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুল ও নারী শিক্ষাকেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের ঘরবাড়ি পুড়ে যায়। সুবিধাবঞ্চিত এসব মানুষের মধ্যে খাদ্য, ওষুধ ও স্যালাইন প্রদান করা হয়।

রুহিত সুমন বলেন, ‘সমাজের যাঁরা বিত্তবান ও ব্যবসায়ী আছেন, তাঁরা যদি আমাদের এই শিক্ষার্থীদের পাশে সাহায্যের হাতটি সম্প্রসারিত করেন, তবে কিছুটা হলেও এরা উপকৃত হবে।’ তাই সবাইকে পাশে থাকার বিনীত অনুরোধ করেন তিনি।
এরপর সব স্তরের মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক লিফলেট বিতরণ করেন ময়ূরপঙ্খীর সদস্যরা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হৃদয় রহমান, নাভিদ চৌধুরী, সাইফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, জাকির, রাকিব, পলক, আলম, ইমামসহ ভলান্টিয়াররা। সহযোগিতায় ছিল মানবতার সূর্য দিগন্ত ফাউন্ডেশন।