ময়েন হত্যার দেড় মাসেও কেউ গ্রেপ্তার হয়নি
রাজবাড়ীর কালুখালীতে চাঞ্চল্যকর ময়েন মণ্ডল হত্যাকাণ্ডের পর দেড় মাস অতিবাহিত হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিরা বাদীকে মামলা তুলে নিতে হুমকি দেওয়ায় বাদী নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় চরকুলটিয়া ছাত্র কল্যাণ সংস্থার (সোয়াগ) উদ্যোগে কিছুদিন আগে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের বিনা মূল্যে কোচিংয়ের উদ্যোগ নেওয়া হয়। এর বিরোধিতা করায় কালুখালীর মাঝবাড়ী দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আশরাফ মিয়ার সঙ্গে পুনটিয়া গ্রামের রাজুর বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে গত ১২ আগস্ট সন্ধ্যায় আশরাফ মিয়া ও তাঁর লোকজন রাজুর বাবা ময়েন মণ্ডল ও ভাই আতিয়ার মণ্ডলের ওপর লাঠি, রড ও হকিস্টিক নিয়ে হামলা চালায়। হামলায় আহত ময়েন মণ্ডলকে ওই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মামলার বাদী আতিয়ার বলেন, ‘আমার বাবাকে সবার সামনে পিটিয়ে হত্যা করা হলেও আজ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আসামিরা বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য আমাদের হুমকি দিচ্ছে।’ মামলার তদন্ত কর্মকর্তা পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আসামিরা পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।