যকৃৎ দানকারীই মারা গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে আত্মীয়কে যকৃৎ দানকারী (লিভার ডোনার) একজন নারী ১৭ জানুয়ারি রাতে মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন, যকৃৎ গ্রহণকারী পুরুষ আত্মীয় ভালো আছেন।দেশে এটা যকৃৎ প্রতিস্থাপনের দ্বিতীয় ঘটনা। এর আগে গত বছর জুন মাসে বারডেম হাসপাতালে প্রথম যকৃৎ প্রতিস্থাপন (লিভার ট্রান্সপ্লান্ট) করা হয়। সেই অস্ত্রোপচার সফল হয়েছিল।ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম গতকাল বুধবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এই দুজন নারী ও পুরুষের যকৃতে অস্ত্রোপচার করা হয় ৮ জানুয়ারি। নারীর যকৃৎ প্রতিস্থাপন করে পুরুষের শরীরে লাগানো হয়। তাঁরা পরস্পরের আত্মীয়। দুজনে ভালোই ছিলেন। তবে হঠাৎ ১৭ তারিখ যকৃৎ দানকারী নারীর বুকে পানি জমে। এরপর তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। তিনি বলেন, যকৃৎ গ্রহণকারী পুরুষ সুস্থ আছেন।যকৃৎ প্রতিস্থাপনের মতো জটিল ও সূক্ষ্ম অস্ত্রোপচারের জন্য হাসপাতালের আয়োজন ও প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে এ এম শামীম বলেন, ১০-১২ কোটি টাকা খরচ করে তাঁরা যন্ত্রপাতি কিনেছেন। নার্সদের প্রশিক্ষণ দিয়েছেন। তিনি জানান, অধ্যাপক জুলফিকার রহমান খানের নেতৃত্বে একদল চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশ নেন। জুলফিকার বিদেশে এ বিষয়ে প্রশিক্ষণ এবং একাধিক অস্ত্রোপচারে অংশ নিয়েছেন।জুলফিকার রহমান খান বলেন, অস্ত্রোপচারের সব আয়োজন সঠিক ছিল। নয় দিন পর্যন্ত যকৃৎ দাতা-গ্রহীতা ভালো ছিলেন। হঠাৎই একজন গুরুতর অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনা দুঃখজনক বলে তিনি উল্লেখ করেন।