ডটস (ডাইরেক্টলি অবজারভড ট্রিটমেন্ট শট কোর্স) বা সেবিকার উপস্থিতিতে সরাসরি ওষুধ সেবন পদ্ধতি যক্ষ্মার চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখছে। এই পদ্ধতিতে অনেক রোগী ভালো হচ্ছে। বাংলাদেশে যক্ষ্মা রোগী শনাক্তকরণ ও চিকিৎসায় সফলতার হার আন্তর্জাতিক মান অতিক্রম করেছে। বগুড়ার স্থানীয় একটি রেস্তোরাঁয় গত মঙ্গলবার ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগ, বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফ রেহমান।সিভিল সার্জন আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়ার বক্ষব্যাধি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আজিজুর রহমান ও ব্র্যাকের কর্মকর্তা সরোয়ার জাহান। আলোচনা করেন সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ, জেলা বিএমএর সাধারণ সম্পাদক রেজাউল আলম, মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল খালেক, সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য শংকর, বক্ষব্যাধি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক রবীন্দ্রনাথ মিত্র, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, ব্র্যাক বগুড়ার ব্যবস্থাপক জহুরুল ইসলাম, তৌফিক হাসান, যাহেদুর রহমান, সমুদ্র হক, মাহমুদুল আলম, আবদুর রহিম প্রমুখ।সভায় বক্তারা বলেন, যক্ষ্মা রোগের সার্বিক চিকিৎসা বিনা মূল্যে দেওয়া হলেও নির্ণয়ের জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া, পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগ নির্ণয় কেন্দ্রে যাওয়া-আসা এবং রোগ শনাক্ত হওয়ার পর চিকিৎসা কেন্দ্র থেকে ওষুধ আনা-নেওয়ার খরচ বহন করতে গিয়ে রোগীর পরিবার অর্থকষ্টে পড়ে। এ কারণে সারা দেশে ডটস পদ্ধতির সর্বাধুনিক চিকিৎসা শুরু হয়েছে। আজিজুর রহমান বলেন, জেলায় ১৯৯৫ সাল থেকে ডটস পদ্ধতি চালু হয়েছে। প্রতিবছরই রোগীর কফ পরীক্ষা করা হচ্ছে। প্রতিবছরই প্রায় আড়াই হাজার করে রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর আরোগ্যের হার প্রায় ৯০ ভাগ। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।