যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকারি সেবা গ্রহণের অনুরোধ
যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থাপনায় চিকিত্সা নেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আজ বুধবার ব্র্যাক ও হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক বৈঠকে তাঁরা এ আহ্বান জানান। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ওই বৈঠকে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বেসরকারি ব্যবস্থাপনায় যক্ষ্মার সঠিক চিকিত্সা হচ্ছে না।
বাংলাদেশে যক্ষ্মা একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। বছর দুয়েক আগে বিশ্বস্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত জরিপে বলা হয়েছে, বাংলাদেশে বছরে তিন লাখেরও বেশি মানুষ নতুনভাবে যক্ষ্মায় আক্রান্ত হয়। আর প্রতিবছর সাড়ে ৬৭ হাজার মানুষ এ রোগে মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা একযোগে ৬৪টি জেলা এবং ৪৮৮ উপজেলায় সম্পূর্ণ বিনা মূল্যে ডটস সেন্টারে চিকিত্সাসেবা দিয়ে আসছে। ডটস সেন্টারে চিকিত্সক বা স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে রোগী ওষুধ সেবন করে থাকে।
আন্তর্জাতিক উদারাময় গবেষণাকেন্দ্রের মহামারি বিশেষজ্ঞ কে জামান বলেছেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা যক্ষ্মা নির্মূলে বাংলাদেশের জন্য যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে, তা বেশ আগেই অর্জন করেছে বাংলাদেশ। ডটসের সুফল বাংলাদেশ ভোগ করছে।
ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক মো. আকরামুল ইসলাম বলেন, বাংলাদেশে ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় ভুগছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। অনেকেই বেসরকারি ব্যবস্থাপনায় চিকিত্সা নেয়। তাদের অনেকেই নিয়মিত ওষুধ খায় না। সপ্তাহ দুয়েক ওষুধ খাওয়ার পর কিছুটা ভালো মনে হলে ওষুধ খাওয়া ছেড়ে দেয়। তারপর যখন ডটস সেন্টারে আসে, তখন আবার যক্ষ্মার চিকিত্সা নিয়েছে, এ কথা চেপে যায়। ফলে তাদের সেরে ওঠাটাও কঠিন হয়ে পড়ে।
ব্র্যাকের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট শায়লা ইসলাম বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় রোগ নির্ণয় করা যেতে পারে। কিন্তু যক্ষ্মা ধরা পড়ার পর রোগীকে ডটসে আসতে হবে। আগে ১২টি প্রতিষ্ঠান যক্ষ্মার ওষুধ তৈরি করলেও, কর্মসূচিটি সরকারি ব্যবস্থাপনায় চলে যাওয়ার পর ওষুধ তৈরি করছে শুধু একটি প্রতিষ্ঠান। তা-ও প্রতিষ্ঠানটি রোগীর দুই মাসের ওষুধ তৈরি করে। এর ফলে পরে চিকিত্সা চালিয়ে যাওয়ায় ঝামেলা দেখা দেয়।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ব্যবস্থাপক নুরুজ্জামান হক বলেছেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে এখন সরকার চিকিত্সক, নার্স ও প্যারামেডিকদের প্রশিক্ষণ দিচ্ছে। যারা অতিদরিদ্র, তাদের বিনা মূল্যে ওষুধ দেওয়ার পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে আর্থিক সহযোগিতাও দেওয়া হয়। শিশুদের ক্ষেত্রে ওষুধের বাইরে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা, এমনকি বিশেষজ্ঞ চিকিত্সকদের ফিও দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শহরের ভাসমান মানুষ চিকিত্সাসেবার বাইরে থেকে যাচ্ছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সারা দেশে একযোগে চলছে। কিন্তু বাইরে থেকে যাচ্ছেন শহরের ভাসমান মানুষ। ব্র্যাকের সহযোগী পরিচালক মো. আকরামুল ইসলাম হোসেন বলছেন, কমলাপুর রেলওয়ে স্টেশনসহ যেসব জায়গায় ভাসমান মানুষকে বেশি পাওয়া যায়, তাদের জন্য তারা ভ্রাম্যমাণ ক্লিনিক পরিচালনা করেন। কিন্তু ভাসমান মানুষেরা আজ হয়তো কমলাপুরে থাকছে, কালই আবার চলে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনালে। তাঁরা আক্রান্ত ব্যক্তিকে নানাভাবে খবর দেওয়ার চেষ্টা করে থাকেন। কিন্তু তারপরও এসব লোকজন যথাযথ চিকিত্সা সেবার বাইরে থেকে যান।
যক্ষ্মা নিয়ন্ত্রণে অন্য যে সমস্যাটি দেখা দিচ্ছে তা হলো শিশুদের ক্ষেত্রে কফ পরীক্ষায় যক্ষ্মা ধরা পড়ছে না।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরামর্শক মুজিবুর রহমান বলেন, ১০ বছরের নিচের শিশুরা কফ দিতে পারে না। যেটুকু দেয়, তাতে জীবাণু ঠিকভাবে ধরা পড়ে না। কফ পরীক্ষার বাইরে শিশুদের এক্স-রে বা মনটক্স পরীক্ষা করা হয়। সেটিও শতভাগ সঠিক হয় না সব সময়। অন্যদিকে অনেক সময় চিকিত্সকদের মাথায় শিশুদের যক্ষ্মার বিষয়টি থাকে না। তাঁরা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের চিকিত্সা করেন। চিকিত্সকের উচিত হবে চিকিত্সা দেওয়ার আগে যক্ষ্মা রোগের অন্যান্য উপসর্গগুলো মিলিয়ে দেখা।