যক্ষ্মা নির্ণয় চলছে, তবুও বাইরে অনেক রোগী
ন্যাশনাল টিউবারকিউলোসিস রেফারেন্স ল্যাবরেটরি (এনটিআরএল) যক্ষ্মার পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছে। আজ শনিবার এক অনুষ্ঠানে এনটিআরএল এর প্রধান মোস্তফা কামাল বলেছেন, সম্প্রতি তিনটি হাসপাতালে আগে যক্ষ্মা হওয়ার পর সেরে গেছে এমন রোগীদের ২২ শতাংশের আবার যক্ষ্মা ধরা পড়েছে।
এলজিইডি মিলনায়তনে আয়োজিত ন্যাশনাল অ্যান্টি টিউবারকিউলোসিস অ্যাসোসিয়েশনের (নাটাব) বার্ষিক সাধারণ সভায় গোলাম মোস্তফা বলেন, জিনএক্সপার্ট পদ্ধতিতে দুদিনে যক্ষ্মা নির্ণয় সহজ। দেশের ৩৭টি জায়গায় পরীক্ষা-নিরীক্ষার সুযোগও আছে। কিন্তু শুধু যক্ষ্মার লক্ষণ আছে এমন রোগীরা এই পরীক্ষার সুযোগ পাচ্ছেন। বুকের যেকোনো রোগের ক্ষেত্রে এই পরীক্ষা করে দেখা দরকার।
‘মিসক্লাসিফিকেশন অব পেশেন্টস: হোয়াট সিভিল সোসাইটি ক্যান ডু’ শিরোনামে মোস্তফা কামালের একটি উপস্থাপনা ছিল আজ। জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, বারডেম ও চট্টগ্রাম বক্ষব্যাধি হাসপাতালে গত এক বছরে ৬ হাজার ৭১০ জন রোগীকে পরীক্ষা-নিরীক্ষার আওতায় আনা হয়। আগে যক্ষ্মা ছিল এখন বুকের অন্য রোগে ভুগছেন এমন ২২ শতাংশ রোগীর মধ্যে, বুকের অন্য রোগ নিয়ে হাসপাতালে আসা রোগীদের ১০ শতাংশের মধ্যে যক্ষ্মা ধরা পড়েছে। ২২ শতাংশ রোগীর মধ্যে আবার ৮ দশমিক ৬ শতাংশ রোগী ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় ভুগছেন।
এনটিআরএল এর প্রধান মোস্তফা কামালের মতে, বুকের রোগগুলোর লক্ষণ অনেক সময় একই রকম হওয়ায় যক্ষ্মা নির্ণয় করা যাচ্ছে না। এ ছাড়া যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে রোগটি যেন নির্ণয় হয় সে বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তিনি।
নাটাবের বার্ষিক সাধারণ সভায় আজ আরও নয়টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। আলোচকেরা বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আছে। তবে এখনো অনেক রোগী রোগ নির্ণয়ের সুযোগ নিচ্ছেন না, অনেকে নিয়ম মেনে ওষুধ খাচ্ছেন না, ওষুধ প্রতিরোধী যক্ষ্মা হচ্ছে, নির্ণয় পদ্ধতি জটিল হওয়ায় অনেক শিশুর চিকিৎসা ঠিক সময়ে শুরু করা হচ্ছে না।
অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি সাবেরা সুলতানা ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোধে যত্রতত্র যক্ষ্মার ওষুধ বিক্রি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার কথা বলেন।
এদিকে ব্র্যাকের যক্ষ্মা, লেপ্রোসি নিয়ন্ত্রণ কর্মসূচির প্রধান আকরামুল ইসলাম বলেন, শিল্পায়ন ও নগরায়ণের কারণে যক্ষ্মার বিস্তৃতি হতে পারে বলে সতর্ক করেন। তিনি এ বিষয়ে সরকারকে এখনই উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি যারা যক্ষ্মায় আক্রান্ত তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসার অনুরোধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাবের সভাপতি সাবেক রাষ্ট্রপতি বদরুজ্জোদা চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোজাফফর হোসেন পল্টু মতো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক কাতারে মিলেছেন, তেমনি যেকোনো ভালো কাজে এমন একতা থাকা দরকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর মোজাম্মেল হক, জ্যেষ্ঠ সহসভাপতি মোজাফফর হোসেন পল্টু, এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল ফজল প্রমুখ। যক্ষ্মা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নাটাবের সাতজনকে ক্রেস্ট প্রদান করা হয়।