চুয়াডাঙ্গায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা ব্র্যাকের এ-সংক্রান্ত কার্যক্রমের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা ক্ষোভের সঙ্গে বলেন, এ অব্যবস্থা চলতে থাকলে জেলায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি প্রকৃত অর্থেই ব্যর্থ হয়ে যাবে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন কামরুল হুদার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ভোলানাথ দে, বিএমএ জেলা শাখার সভাপতি মার্টিন হীরক চৌধুরী ও প্রেসক্লাবের সভাপতি এস এম শরীফ উদ্দিন। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা কর্মকর্তা আজাহার উদ্দিন বৈঠকে দাবি করেন, চুয়াডাঙ্গায় ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির আওতায় শনাক্ত করা রোগীদের মধ্যে ৯৩ শতাংশ রোগীকে রোগমুক্ত করা সম্ভব হয়েছে। এই বক্তব্যের জের ধরে মার্টিন হীরক চৌধুরী ব্র্যাকের যক্ষ্মাসংক্রান্ত কর্মসূচির বিভিন্ন অনিয়ম তুলে ধরতে সুনির্দিষ্ট কয়েকটি ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ব্র্যাক পরিচালিত পরীক্ষাগারগুলো থেকে রোগীদের যক্ষ্মার প্রতিবেদন দেওয়া হলেও অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের অন্য রোগ হয়েছে। সেসব রোগীকে দিনের পর দিন ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে। যক্ষ্মা রোগীদের নিয়মিত ওষুধ খাওয়ানোর জন্য জেলায় ব্র্যাকের নিযুক্ত ৫৬ জন স্বাস্থ্য সহকারী ও ৭০০ জন কর্মী রোগীদের বাড়িতে প্রতিদিন যান না। ভারপ্রাপ্ত সিভিল সার্জন কামরুল হুদাও এসব ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং সমস্যা সমাধানে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নিতে ব্র্যাকের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বৈঠকে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির খুলনা বিভাগীয় সমন্বয়কারী আবদুর রাকিব বিরাজমান সমস্যা সমাধানে পরবর্তী সময়ে সবকিছু করা হবে বলে জানান।