যক্ষ্মা নিয়ন্ত্রণে লক্ষ্য পূরণ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যক্ষ্মা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য দিয়েছে। আর আন্তর্জাতিক যৌথ পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, মাঠপর্যায়ে যক্ষ্মা নিয়ন্ত্রণকাজে নজরদারির ঘাটতি আছে এবং সরকারি ও বেসরকারি কাজে সমন্বয় নেই।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে নেতৃত্বের অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি। এমন পরিস্থিতিতে আজ ২৪ মার্চ দেশে পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষ্মাবিষয়ক সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদনে (২০১৪ সাল) যক্ষ্মার প্রাদুর্ভাব বেশি—এমন ২২টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশসহ প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, মিয়ানমার, আফগানিস্তান এই তালিকায় আছে। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ও আফগানিস্তানের মতো বাংলাদেশও যক্ষ্মা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ২০১৫ সালের মধ্যে জাতিসংঘের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে আছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে দেশে যক্ষ্মায় আক্রান্তের হার ছিল ৬৩৯ (প্রতি লাখে) জন এবং মৃত্যুর হার ছিল ৭৬ (প্রতি লাখে)। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) নির্ধারণের সময় ২০১৫ সালের মধ্যে যক্ষ্মায় আক্রান্তের ও মৃত্যুহার কমিয়ে যথাক্রমে ৩২০ ও ৩৫ (প্রতি লাখে) করার কথা বলা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে এখন যক্ষ্মায় আক্রান্তের হার ৪০২ এবং মৃত্যুহার ৫১। অর্থাৎ এমডিজি অর্জিত হচ্ছে না।
লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক আহম্মদ হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবটি অনুমিত (এসটিমেট)। এই হিসাবের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয়ের একজন কর্মকর্তা গত শনিবার প্রথম আলোকে বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণের জাতীয় কর্মসূচিতে নেতৃত্বের অভাব আছে। কিছুদিন পরপরই লাইন ডিরেক্টর পরিবর্তন করা হয়। গত জুনের পর এই পদে তিনজনকে পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, বেসরকারি সংস্থাগুলো (এনজিও) যে তথ্য দেয়, তা যাচাই-বাছাই ছাড়াই মেনে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
তদারকি ও নজরদারির অভাবসহ জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির নানা দুর্বলতা উঠে এসেছে যৌথ পর্যবেক্ষণ মিশনের প্রতিবেদনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে বিভিন্ন দেশ ও সংস্থার ১৬ জন যক্ষ্মাবিশেষজ্ঞ ২০১৪ সালের ৩০ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও সরকারি দলিলপত্র বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেন।
যৌথ পর্যবেক্ষণ মিশনের প্রতিবেদনে বলা হয়েছে, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও সেই তথ্য পাঠানোর ফরম জাতীয় কর্মসূচির ম্যানুয়ালে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এসব ফরম নিয়ে কোনো প্রশিক্ষণ হয়নি এবং সেগুলো মাঠপর্যায়ে পাঠানো হয়নি। এর ব্যবস্থাপনার দায়িত্ব মূলত উপজেলা পর্যায়ের যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারীর। কিন্তু ২০৬টি উপজেলায় সরকার এ পদে এখনো কাউকে নিয়োগ দেয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও এনজিওগুলোর পক্ষ থেকে বলা হয়, যক্ষ্মার চিকিৎসা সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হয়। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এক্স-রে ও বায়োপসির জন্য রোগীরা নিজেরা খরচ করেন এবং দূর থেকে যাঁরা সেবা নিতে আসেন তাঁদের যাতায়াত খরচ অনেক সময় ফেরত দেওয়া হয় না। মাঠপর্যায়ের সেবাদানকারীদের কাজ এবং রোগীদের অবস্থা পর্যাপ্ত ও যথাযথভাবে নজরদারি করা হয় না বলে মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত হয় না। অন্যদিকে এনজিও এবং সরকারি কর্মীদের কাজের মধ্যে কোনো সমন্বয় নেই। এক পক্ষের চিহ্নিত করা সমস্যা সম্পর্কে অন্যরা কিছুই জানে না।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির কাগজপত্রে দেখা যায়, ব্র্যাকসহ ৪৩টি এনজিও মাঠপর্যায়ে রোগীদের চিকিৎসাসেবা দেয়। এসব এনজিওর মাঠপর্যায়ের কর্মীদের একটি প্রধান দায়িত্ব নিয়মিত যক্ষ্মা রোগীকে ওষুধ সেবন করানো। যৌথ পর্যবেক্ষণ প্রতিবেদনের মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে ব্র্যাকের যক্ষ্মা কর্মসূচির কর্মসূচি ব্যবস্থাপক শায়লা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যৌথ পর্যবেক্ষণ প্রতিবেদনকে আমরা খুবই গুরুত্ব দিয়েছি। যেসব দুর্বলতা চিহ্নিত করা হয়েছে, ইতিমধ্যে সেসব দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
তবে ওই প্রতিবেদনে আর্থিক অনিয়ম বা দুর্নীতির কোনো তথ্য উঠে আসেনি। এসব তথ্য উঠে এসেছে সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ফরেন এইডেড প্রজেক্ট অডিট ডাইরেক্টরেটের (ফাপাদ) নিরীক্ষা প্রতিবেদনে। গত বছরের ৩১ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া ফাপাদের নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, ২০১৩-২০১৪ অর্থবছরে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে প্রশিক্ষণের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করা হয়েছে। একই প্রক্রিয়ায় কম্পিউটার ও ল্যাপটপ কেনা দেখানো হয়েছে। দুটি ক্ষেত্রেই সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর বলেন, ‘ওই সময় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। অনিয়ম-দুর্নীতির বিষয়ে আমি কিছু জানি না।’