যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে জনসচেতনতার জন্য একই কাতারে শামিল করতে হবে। একে ভয় পেলে চলবে না। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে গত রোববার আয়োজিত ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ: সামাজিক অংশগ্রহণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, কুমিল্লা প্রেসক্লাব এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে এ গোলটেবিল বৈঠক হয়। জেলা ডেপুটি সিভিল সার্জন সমীর কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. জামাল হোসাইন। এতে জেলা পুলিশ সুপার মোহা. শফিকুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি রমিজ খান, ব্র্যাক প্রধান কার্যালয়ের সোশ্যাল কমিউনিকেটর এইচ এম মঞ্জুরুল আজিম, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. ফজলুর রহমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকী।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জামাল হোসাইন বলেন, ‘যক্ষ্মা নিরাময়যোগ্য রোগ। সরকারিভাবে বিনা মূল্যে প্রতিটি হাসপাতালে এ রোগের চিকিৎসা দেওয়া হয়। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোকেও সচেতনতার জন্য এগিয়ে আসতে হবে।’